চট্টগ্রামের সাতকানিয়ায় স্টার লাইন পরিবহনের বাসচাপায় ঈশা দাশ (১০) নামে এক স্কুলছাত্রী আহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মিঠাদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ঈশা দাশ ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দাশপাড়া এলাকার সুনিল কান্তি দাশের মেয়ে। সে ছদাহা কেয়াফাত উল্লাহ্ কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো-ব-১৫-৯৪৭০ নম্বরের স্টার লাইন পরিবহনের একটি বাস ঈশা দাশকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। প্রথমে তাকে সাতকানিয়ার কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধস্থলে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দীকি, দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
স্কুল শিক্ষার্থীদের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিত করতে স্কুলের সামনে গতিরোধক বা স্পিড ব্রেকার এবং সড়ক পারাপারের জন্য ফুটওভার ব্রিজ স্থাপন করতে হবে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী মুঠোফোনে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, বাসচাপায় স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করা হয়। পরে শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলে তারা সড়ক থেকে সরে যায়। দুর্ঘটনায় জড়িত বাস ও চালককে আটক করা হয়েছে।