সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, দলকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই একতাবদ্ধ থাকলে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। এজন্য দলীয়ভাবে নিজেদের ভিত্তি শক্তিশালী করতে হবে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে পাবনা জেলা বিএনপির আয়োজনে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাবনার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, পাবনার যত সমস্যাই থাকুক না কেন, জেলার নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় সেসব সমস্যার সমাধান করা সম্ভব। পাবনাবাসীর সব চাওয়া-পাওয়া সরকারের কাছ থেকে আদায় করে নেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব এবং জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকারসহ অন্যরা বক্তব্য দেন।
উন্নয়নসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য পাবনার দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে ফুলেল শুভেচ্ছা জানান পাবনা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।