উৎসবমুখর আয়োজনে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে এফআইইউ ম্যারাথন-২০২৬-এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে আমন্ত্রিত অতিথিরা ক্যাম্পাসে উপস্থিত হলে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়। এরপর কেক কাটার মধ্য দিয়ে প্রথম পর্বের আয়োজন শেষ হয়।

দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শেখ কবির হোসেন সেমিনার হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি ম্যারাথনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. মুঞ্জুর ই খোদা তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস।

অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ফারইস্ট সোশ্যাল ফাউন্ডেশনের সদস্য, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, মানবসম্পদ উন্নয়ন এবং ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে আলোচনা করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ, সমৃদ্ধি ও সাফল্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর শেষ পর্বে দুপুর সাড়ে ২টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের অনুমোদন লাভের মধ্য দিয়ে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে উচ্চশিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ তৈরি ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছে বিশ্ববিদ্যালয়টি।

সর্বশেষ সর্বাধিক পঠিত