৩০ বছর পর চ্যাম্পিয়নস লিগ ফাইনাল বার্সেলোনায়, ২০২৮-এ বায়ার্নে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম

ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ আসরে রোমাঞ্চ ছড়াতে প্রস্তুত দুটি ঐতিহাসিক ভেন্যু। ২০২৮ ও ২০২৯ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক শহরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা। নতুন এই ঘোষণা অনুযায়ী, জার্মানির মিউনিখের বিখ্যাত অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বসবে ২০২৮ সালের মেগা ফাইনাল, আর এর পরের বছর ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট নির্ধারণী লড়াই দেখবে স্পেনের ঐতিহ্যবাহী ন্যু ক্যাম্প। 

স্পেন পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে হতে যাওয়া ২০৩০ বিশ্বকাপের ঠিক এক বছর আগে ন্যু ক্যাম্পে ফাইনাল পাওয়ার এই আনন্দকে বিরাট প্রাপ্তি হিসেবে দেখছে কাতালান শিবির। বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা ক্লাবটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে আনন্দ প্রকাশ করে জানিয়েছেন, ‘এটি এফসি বার্সেলোনা এবং সমস্ত বার্সা সমর্থকদের জন্য এক অপরিসীম গর্বের বিষয়। বিশ্বের অন্যতম বড় একটি ইভেন্ট আয়োজনে উয়েফার এই আস্থা আমাদের এই প্রজেক্টের পরিসর ও উচ্চাকাঙ্ক্ষাকেই ফুটিয়ে তোলে এবং স্পোটিফাই ক্যাম্প ন্যু-কে বার্সেলোনার একটি নতুন প্রতীক ও আন্তর্জাতিক রেফারেন্স হিসেবে প্রতিষ্ঠা করে।’

এর আগে ১৯৯৯ সালে বায়ার্নের বিপক্ষে ২-১ গোলের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সেই রূপকথার কামব্যাকের ফাইনাল দেখেছিল এই ন্যু ক্যাম্প, যা আজও ফুটবলপ্রেমীদের মনে দাগ কেটে আছে।

অন্যদিকে, ইদানীংকালে ইউরোপিয়ান ফাইনালের নিয়মিত আয়োজক হয়ে ওঠা মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এটি হতে যাচ্ছে তৃতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। এর আগে ২০১২ সালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে চেলসির শিরোপা জয় এবং ২০২৫ সালে পিএসজির প্রথম ট্রফি জয়ের সাক্ষী হয়েছিল এই স্টেডিয়ামটি।

২০২৮ সালের এই ফাইনাল আয়োজন নিয়ে দারুণ উচ্ছ্বসিত বায়ার্ন মিউনিখ সিইও ইয়ান-ক্রিশ্চিয়ান ড্রি সেন। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটি আমাদের জন্য চমৎকার খবর: অ্যালিয়াঞ্জ অ্যারেনা, এফসি বায়ার্ন এবং মিউনিখ শহর আন্তর্জাতিক আবেদন, প্রকৃত আতিথেয়তা এবং সর্বোচ্চ সাংগঠনিক মানের প্রতীক। আমরা ভক্তদের আরেকটি ব্যতিক্রমী অভিজ্ঞতা উপহার দিতে চাই এবং মিউনিখকে একটি বিশ্বজনীন, ক্রীড়াপ্রেমী এবং ব্যতিক্রমীভাবে প্রস্তুত স্বাগতিক শহর হিসেবে তুলে ধরতে চাই।’

যদিও ৭০ হাজার ধারণক্ষমতার অ্যালিয়াঞ্জ অ্যারেনা ম্যাচটির জন্য এখনই পুরোপুরি প্রস্তুত, তবে ২০২৩ সালে শুরু হওয়া বিশাল সব সংস্কার ও পুনর্নির্মাণ কাজের মধ্য দিয়ে নতুন রূপ নিয়ে প্রস্তুত হচ্ছে ক্যাম্প ন্যু। এছাড়া এই দুই আসরের আগেই মাদ্রিদের ওয়ান মেট্রোপলিতানো স্টেডিয়াম ২০২৬-২৭ মৌসুমের ফাইনাল আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত