গুম ও ক্রসফায়ারের পৃথক মামলায় সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। মঙ্গলবার তারেক সাঈদকে কারাগার থেকে ট্রাইব্যুনালের কাটগড়ায় হাজির করা হয়। প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি ট্রাইব্যুনালে বলেন, তারেক সাঈদ অন্য একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি নিয়ে ট্রাইব্যুনাল জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
এর আগে গুম ও ক্রসফায়ারের দুই মামলায় তারেক সাঈদকে গত ১০ আগস্ট গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। প্রসঙ্গত, তারেক সাঈদ নারায়নগঞ্জের সাত খুন মামলার মৃত্যুদ-প্রাপ্ত আসামি। এর আগে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ আগস্ট তারেক সাঈদকে ১৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। তারেক সাঈদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময় বিচার বহির্ভূত হত্যা ও গুমের অভিযোগ আনা হয়েছে।