ঢাকায় কিশোর গ্যাংয়ের হামলায় ভোলার ছেলে নিহত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ এএম

ঢাকার কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আরশিনগর এলাকায় একটি সেলুনের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফরহাদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরহাদ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি রাজধানীর রায়েরবাজার এলাকার পাটালি গ্রুপ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ছিলেন বলে পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় বসবাস করতেন।

ফরহাদের বন্ধু সাকিব জানান, মঙ্গলবার দুপুরে বসিলা ব্রিজসংলগ্ন আরশিনগর এলাকার একটি সেলুনে চুল কাটাতে যান ফরহাদ। সেখানে অবস্থানকালে সাব্বিরের নেতৃত্বে কালা সোহেল, সাগর, হাবিব ও আরমানসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন ও বন্ধুরা ফরহাদকে ঢামেকে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর রায়েরবাজার এলাকায় পাটালি গ্রুপ ও আরমান শাহরুখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মাদক ব্যবসাসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধের সূত্রপাত। কিছুদিন আগে রায়েরবাজার এলাকায় পাটালি গ্রুপের সদস্যরা আরমান শাহরুখ গ্রুপের শাহরুখকে কুপিয়ে আহত করে। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে র‌্যাব গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, নিহত ফরহাদের বিরুদ্ধেও মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কিছুদিন আগে তিনি কারাগার থেকে জামিনে বের হন। কিশোর গ্যাংকেন্দ্রিক বিরোধের জেরেই ফরহাদকে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

পারিবারিক সূত্রে জানা গেছে, ছয় ভাই-বোনের মধ্যে ফরহাদ ছিলেন অন্যতম। প্রায় চার বছর আগে তার বিয়ে হয়। তবে তার কোনো সন্তান নেই। তিনি মাছ ও কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে ফরহাদ মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়। ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত