বাংলা কিউআরে পেমেন্ট, টাকা জমা হবে তাৎক্ষণিক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্টের পর মার্চেন্টের হিসাবে টাকা জমা হওয়ার সময় কমিয়ে আনছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরের মাধ্যমে করা সব পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে। বর্তমানে পেমেন্টের অর্থ মার্চেন্টের হিসাবে জমা হতে এক দিন সময় লাগে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে ব্যাংক, এমএফএস ও পিএসপির মোবাইল অ্যাপের হোম পেজের নিচের মাঝামাঝি অংশে বাংলা কিউআর পেমেন্টের আইকন রাখতে হবে। এমন জায়গায় আইকনটি রাখতে হবে, যেখানে ব্যবহারকারীর বুড়ো আঙুল সহজেই পৌঁছাতে পারে।

এ ছাড়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর স্ক্যান করার পাশাপাশি কিউআর কোডের ছবি আপলোড করেও পেমেন্ট করার সুবিধা চালু করতে হবে। একই সময়ের মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীকে মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্টের সুবিধা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করা এবং মার্চেন্টদের পেমেন্ট গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন নির্দেশনার ফলে বাংলা কিউআরের মাধ্যমে পেমেন্ট করার পর মার্চেন্টের হিসাবে টাকা জমা হওয়ার জন্য এক দিন অপেক্ষা করতে হবে না। এতে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেনে অর্থ ব্যবহারের সুবিধা বাড়বে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত