প্রথমার্ধের বিপর্যয় কাটিয়ে একে তো পিছিয়ে পড়া, তার ওপর রোমার শক্তিশালী রক্ষণ, সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল ইন্টার মিলান। কিন্তু হাল ছাড়েননি দলপতি লাউতারো মার্তিনেজ। জোড়া গোল করে রোমার জয় কেড়ে নিয়ে ইন্টারকে অবিশ্বাস্য এক ড্র উপহার দেন এই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড।
সপ্তাহ দুয়েক আগেও ঘরের মাঠে নাপোলির বিপক্ষে একইভাবে নেরাজ্জুরিদের হারের মুখ থেকে ফিরিয়ে জোড়া গোল করেছিলেন লাউতারো। সেই ম্যাচে ইন্টার জিতেছিল ৩-২ ব্যবধানে। এই ম্যাচে এবার জয়টা না এলেও এই তারকা ফরোয়ার্ডের কল্যাণে রোমার মাঠ থেকে খালি হাতে ফিরতে হয়নি লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।
ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে দাপট দেখাতে শুরু করে রোমা। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে নাহুয়েল মোলিনার ক্রস থেকে দারুণ শটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মানু কোনে। ইন্টার প্রথমার্ধে নিজেদের সেরা ছন্দে না থাকায় সেই সুযোগ পুরোপুরি কাজে লাগায় রোমা। বিরতির ঠিক আগে, ৩৭ মিনিটে ভিএআর পর্যালোচনার পর নিজের ও দলের দ্বিতীয় গোলটি তুলে নেন কোনে। এতে প্রথমার্ধ শেষেই ২-০ গোলের আরামদায়ক লিড নিয়ে নেয় ক্যাপিটলাইন ক্লাবটি। এর আগে ম্যাচের শুরুতে প্রয়াত কিংবদন্তি স্যান্ড্রো মাজ্জোলার স্মরণে দুই দলই নিরবতা পালন করে এবং ইন্টারের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সম্পূর্ণ এক অন্য ইন্টারকে দেখা যায় মাঠে। বিরতির ঠিক এক মিনিট পর, অর্থাৎ ৪৬ মিনিটে মার্কাস থুরামের পাসে বক্সের ভেতর থেকে গোল করে ব্যবধান কমান লাউতারো। এরপর ম্যাচের বাকি সময় রোমার রক্ষণকে চাপে রেখে সমতা আনার জন্য মরিয়া হয়ে ওঠে ইন্টার। অবশেষে ম্যাচের ৭৯ মিনিটে গোলমুখের এক উত্তাল জটলা থেকে বল পায়ে নিয়ন্ত্রণ নিয়ে দারুণ এক শটে বল জালে জড়িয়ে স্কোরলাইন ২-২ করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেও দলের কামব্যাক নিয়ে কথা বলেছেন ইন্টার অধিনায়ক। ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে লাউতারো বলেন, ‘আমরা প্রথম হাফে মরার মতো খেলেছি। আমরা মাঠে নামতেই পারিনি এবং আমাদের মানসিকতাও সঠিক ছিল না। তবে দ্বিতীয়ার্ধে আমরা অবিলম্বে আমাদের মানসিকতা পরিবর্তন করেছি। এই ধরনের ম্যাচগুলোতে একটি হাফ হারিয়ে ফেললে জয় তুলে নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়।’
অন্যদিকে, সতীর্থের এমন চমৎকার নৈপুণ্য ও দলের ঘুরে দাঁড়ানো নিয়ে ফরোয়ার্ড থুরামও নিজের স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘লাউতি আমাদের আবার বাঁচাল…’ এই ড্রয়ের সুবাদে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রোমা, আর গোল ব্যবধানে পিছিয়ে থাকা ইন্টার ও লাজিও যৌথভাবে তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে।
সূর্যবংশীর টেকনিক নিয়ে প্রশ্ন, টেস্টে টিকবেন তো?