আ.লীগের পলাতক নেতাদের নির্দেশেই নাশকতা : পুলিশ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ এএম

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রথম সারির সাত নেতার ফাঁসির রায় ঘোষণার পর নাশকতা শুরু করে দলটির নেতাকর্মীরা। আট মাস ধরে বিচারকাজ চলার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করে। বিদেশে পলাতক দলের নেতারা দেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মাঠে নামিয়ে নাশকতার চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গত শনিবার রাতে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এদিকে গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদেরও শনাক্ত করার কাজ চলছে।

আদালতে রায় ঘোষণার পর থেকে গতকাল রবিবার রাত পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর অন্তত ৯টি জায়গায় ১৩টি ককটেল হামলা এবং একাধিক স্থানে বাসে অগ্নিসংযোগ করেছে। গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মো. শাহীন একথা জানিয়ে বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ভারত থেকে হোয়াটসঅ্যাপ ও ভাইবারের মাধ্যমে সহিংসতার নির্দেশনা দিচ্ছেন। এ ছাড়া হুন্ডির মাধ্যমে অর্থসহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিবি।

গ্রেপ্তারকৃতরা হলেন আওয়ামী লীগের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক রায়হান উদ্দিন, রাসেল খান, আলাউদ্দিন ও আবদুল্লাহ। তাদের কাছ থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণে ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।

গত শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও ডিবি জানায়। ডিসি মোল্লা মো. শাহীন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ট্রাইব্যুনালে ফাঁসির আদেশে ক্ষুব্ধ হয়ে দলটির নেতারা রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতার চেষ্টা করছেন। এর ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করাচ্ছে। শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত ৯টি জায়গায় ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর কাফরুল থানার সামনে ফাঁকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় বিস্ফোরণে এক অটোরিকশাচালক আহত হয়েছেন।

মৃত্যুদ-প্রাপ্তরা হলেন সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

বাসে আগুন : গতকাল রবিবার দুপুর ২টার দিকে রাজধানীর পল্লবী সরকারি কলেজের পাশে পরীস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে শনিবার রাতে আজিমপুর মেটার্নিটির ওভারব্রিজের নিচে ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় আমিনুল ইসলাম শাওন নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে লালবাগ থানা পুলিশ।

পল্লবীতে বাসে আগুন দেওয়ার বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার বলেন, সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে পরীস্থান পরিবহনে অগ্নিকা-ের ঘটনা ঘটে। সকাল সোয়া ৭টা থেকে সাড়ে সাতটার মধ্যে পরীস্থান পরিবহনের একটি বাস পার্কিং করা অবস্থায় এই আগুনের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

পরীস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম জানান, সকাল সাড়ে সাতটার দিকে বাসের সাবেক চালক ফোন করে জানায় পরীস্থান বাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বাস পুড়ে গেছে। এই ঘটনায় কোনো মামলা করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত করিনি।

রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করছিলেন শাওন। বিষয়টি বাসের স্টাফ ও স্থানীয় লোকজনের নজরে এলে তারা ঘটনাস্থলে আসেন। একই সময় টহলরত পুলিশ সদস্যরাও সেখানে পৌঁছে তাকে হাতেনাতে আটক করেন। আটকের সময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ককটেল বিস্ফোরণ : রবিবার দুপুর দেড়টার দিকে রাজধানীতে শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিল্পকলা একাডেমির সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনার খবর জানতে পেরেছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি এখনো জানা যায়নি। এদিকে দুপুরের দিকে হাইকোর্টের প্রধান ফটকের বাইরে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

যা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী : গতকাল বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অন্যান্য ঘটনায় জড়িতদেরও শনাক্ত করার কাজ চলছে। মন্ত্রী জোর দিয়ে বলেন, জনগণ ও সরকার এসব অপতৎপরতায় মোটেও শঙ্কিত নয় এবং দেশবাসী ইতিমধ্যে এদের বর্জন ও প্রত্যাখ্যান করেছে।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ও পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনার কড়া সমালোচনা করে মন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের তথাকথিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ অপতৎপরতা চালানো হয়েছে। ককটেলবাজির ঘটনায় মোটরসাইকেলসহ আসামিদের গ্রেপ্তার করে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি হাইকোর্ট ফটক ও যাত্রাবাড়ীর ঘটনায় জড়িতদের ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত