আশুলিয়ায় কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭, আহত ২০

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ এএম

সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনে ৭ জন নিহত এবং পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম জয়নব বেগম (৫৫)। তিনি কারখানার পাশে একটি কাপড়ের দোকান করতেন। বাকি ৬ জনের মরদেহ পুড়ে যাওয়ায় পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশুস্বাস্থ্য হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যা পৌনে ৭টায় আশুলিয়ার জামগড়া প্রীতি গ্রুপের এফএনএস পোশাক কারখানা চত্বরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ঢাকা ৪-এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে ৭ জন নিহত হয়েছেন।

তাদের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে কাভার্ডভ্যানের ভেতরেই ৬ জন এবং কারখানার বাইরে সিলিন্ডারের আঘাতে কাপড়ের দোকানি জয়নব বেগম মারা যান।

এদিকে আহতদের স্থানীয় নারী ও শিশু হাসপাতালসহ আশপাশের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু হাসপাতাল থেকে দগ্ধ গুরুতর আহত ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে আশুলিয়ার নরসিংহপুর নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। এ ছাড়া সাভার, ডিইপিজেড, কালিয়াকৈর ইউনিট এসে ২ ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আমাদের ডাম্পিংয়ের কাজ চলছে।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে কারখানা চত্বরে ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে থাকা ৩টি কাভার্ডভ্যান আগুনে পুড়ে যায়। তবে কারখানার ভেতরে আগুন পৌঁছাতে পারেনি।

আশুলিয়ার নরসিংহপুর নারী ও শিশু চিকিৎসা হাসপাতাল কর্তৃপক্ষ জানান, প্রীতি গ্রুপে অগ্নিকা-ের ঘটনায় আশুলিয়ার নরসিংহপুর নারী ও শিশু চিকিৎসাকেন্দ্রে ১৬ জন আহত রোগীকে পাঠানো হয়। এদের মধ্যে দগ্ধ গুরুতর ৩ জনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ওই পোশাক কারখানার অভ্যন্তরে বিকট শব্দ হয়ে চত্বরে থাকা সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন ধরে যায়। মুহূর্তেই তা আরও কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থল থেকে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আশুলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, আগুনের খবর পাওয়ার পর পরই আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তায় কাজ শুরু করি। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন শেষ মুহূর্তের কাজ করছে ফায়ার সার্ভিস।

সর্বশেষ সর্বাধিক পঠিত