বাংলাদেশে প্রথমবারের মতো অনুমোদিত ক্যামেরা সার্ভিস (এসিএস) সেন্টার চালু করেছে প্রযুক্তি ব্র্যান্ড সনি। একই সঙ্গে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একটি নতুন শোরুমের উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি।
বসুন্ধরা সিটির লেভেল-১, ব্লক-বির ২০ ও ৩০ নম্বর দোকানে একই ছাদের নিচে ডেডিকেটেড শোরুম এবং স্থানীয় অনুমোদিত মেরামত ও সার্ভিসিং সুবিধা চালু করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কমিউনিটির পেশাদার ও সাধারণ গ্রাহকেরা এখন স্থানীয় বাজারেই সনির অনুমোদিত মেরামত ও সার্ভিসিং সুবিধা পাবেন।
বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশনস) মেজর শেখ মুহাম্মদ মিজানুর রহমান (অব.) এবং সনি করপোরেশনের গ্লোবাল সেলস অ্যান্ড মার্কেটিং-এর ইমেজিং মার্কেটিং ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কোজি সেকিগুচি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সেন্টারটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফএসআই-এর জেনারেল ম্যানেজার চ্যাং জং এবং সনি রিজিওনাল মার্কেটিং (সিঙ্গাপুর)-এর মার্কেটিং প্রধান ইয়াপ ইয়ুং।
সনি কর্তৃপক্ষ জানায়, দেশে ক্রমবর্ধমান পেশাদার ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের নির্ভরযোগ্য ও দ্রুত সেবা নিশ্চিত করতে সার্ভিস সেন্টারটি চালু করা হয়েছে। বিশেষ করে বিয়ের মৌসুমে ডিভাইসের সমস্যার কারণে কাজের সময়সূচিতে বিঘ্ন বা আর্থিক ক্ষতি যেন না হয়, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, এর মাধ্যমে স্থানীয় বাজারে ক্যামেরা ও গিয়ার মেরামতের দীর্ঘদিনের একটি বড় বাধা দূর হবে, যা দেশের সামগ্রিক ফটোগ্রাফি শিল্পের বিকাশে ভূমিকা রাখবে। আগামী মাসগুলোতে দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং স্টুডিওগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনাও রয়েছে সনির।
নতুন এই সেন্টারে সনির ‘আলফা’ ক্যামেরা সিস্টেম এবং প্রিমিয়াম ‘জি মাস্টার’ লেন্স সিরিজের আধুনিক প্রযুক্তির সেবা পাওয়া যাবে। একই সঙ্গে সনি বাংলাদেশ গ্রাহকদের অনুমোদিত ডিলারদের কাছ থেকে অফিশিয়াল পণ্য কেনার জন্য উৎসাহিত করছে। ১৮ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি স্টিকার দেখে জেনুইন সনি পণ্য শনাক্ত করা যাবে।
উল্লেখ্য, নতুন শোরুম ও অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টারটি মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। সেবা ও পণ্যসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে সনির অফিশিয়াল ওয়েবসাইটে।