সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন স্থগিতে আবেদনের ওপর শুনানি ২৬ অক্টোবর 

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে জামিন দিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি হবে আগামী ২৬ অক্টোবর। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এস এম এমদাদুল হক ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেন। 

গত বছর জুনে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন হাবিবুল আউয়াল। গত ২৮ জুন হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে দেওয়া রুল গত ৯ সেপ্টেম্বর মঞ্জুর করে জামিনের রায় দেয় বিচারপতি মো. আতোয়ার রহমানের নেতৃত্বে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। তার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক, এস এম শাহজাহান ও সারা হোসেন। এরপর হাবিবুল আউয়ালের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস  কাজল। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা জামিন স্থগিত চেয়ে আবেদন করেছিলাম। চেম্বার আদালত ২৬ অক্টোবর আপিল বিভাগের বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য রেখেছেন।’ 

গত বছরের ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা হয়। তাদের বিরুদ্ধে নির্বাচন নিয়ে জালিয়াতির অভিযোগ আনা হয়। মামলায় এ তিনজনসহ ২৪ জনকে আসামি করা হয়। 


পরে ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার একটি ম্যাজিস্ট্রেট আদালত। সেই থেকে তিনি কারাগারে আছেন। এ মামলায় আরও উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদা। 

সর্বশেষ সর্বাধিক পঠিত