গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)-এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১০ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন—উপজেলার কালাছড়া গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে মোহাম্মদ নাঈম ইসলাম (২৫)।

এসআরবি-৯ জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া রানওয়ে বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া সাকিনস্থ মোহাম্মদ নাঈম ইসলামের বসতবাড়িতে মাদক কারবারিরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ সময় এসআরবির আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা টের পেয়ে বসতবাড়ি থেকে দৌড়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয়।

এসআরবি সদস্যরা আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার স্বীকারোক্তিমূল্যে নিজ শয়নকক্ষে রাখা টিনের ড্রামের ভিতর থেকে নীল রঙের পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা ও ২টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ও অস্ত্র আইন, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত