পরিচ্ছন্নতা দিবস

সবুজ ক্যাম্পাসের পথে বাকৃবি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ এএম

‘পরিচ্ছন্ন থাকুক প্রাঙ্গণ,

সবুজ হোক চারপাশ,

নিজের হাতে গড়ি সবাই

সুন্দর ক্যাম্পাস।’

সকালের ক্যাম্পাস। চারপাশে সবুজের আবহ। সেই পরিচিত প্রাঙ্গণেই সেদিন উচ্চারিত হলো পরিচ্ছন্নতার নতুন প্রত্যয়। হাতে হাতে পরিচ্ছন্নতার বার্তা, কণ্ঠে ‘আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব’। র‌্যালির পর শিক্ষক-শিক্ষার্থীরা নেমে পড়লেন নিজেদের ক্যাম্পাসটুকু আরও পরিচ্ছন্ন করে তুলতে। বিশ্ব পরিচ্ছন্নতা দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এমনই আয়োজনের মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়া হলো সচেতনতার বার্তা।

ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু পরিচ্ছন্নতাকর্মীদের নয়, এর সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকের। নিজের জায়গাটুকু পরিষ্কার রাখার অভ্যাস থেকেই গড়ে উঠতে পারে একটি পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস। সেই ভাবনাকে সামনে রেখে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমতলায় পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক আলোচনা, র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান।

সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।

বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। পরে ‘আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে বের করা হয় র‌্যালি। র‌্যালি শেষে শিক্ষক-শিক্ষার্থীসহ অংশগ্রহণকারীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ‘ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে শুধু একদিনের কর্মসূচি যথেষ্ট নয়। নিয়মিত ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে ক্যাম্পাসের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিচ্ছন্ন রাখার বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে।’

তিনি বলেন, ‘শুধু কর্মচারীদের ওপর নির্ভর না করে শিক্ষার্থীদেরও নিজেদের রুম, হল, বাগান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রত্যেকে নিজের জায়গাটুকু পরিষ্কার রাখলে পুরো ক্যাম্পাসই পরিচ্ছন্ন হয়ে উঠবে।’

গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ-এর সভাপতি অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম বলেন, ‘আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব’ এই চেতনা থেকেই পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। আজকের কর্মসূচির লক্ষ্য শুধু পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং সবার মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা। গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ। পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে তাই আমি শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, সোনালি দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমানসহ বিভিন্ন হলের প্রভোস্ট ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২০২৪ সাল থেকে জাতিসংঘ ২০ সেপ্টেম্বরকে আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব পরিচ্ছন্নতা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

লেখক : শিক্ষার্থী, তৃতীয় বর্ষ, ভেটেরিনারি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

সর্বশেষ সর্বাধিক পঠিত