দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ এএম

নতুন অর্থবছরের দুই মাস পেরিয়ে গেলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গতি ফেরেনি। ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে এডিপির মাত্র ১ দশমিক ৮৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এ সময়ে মোট ব্যয় হয়েছে ৫ হাজার ৭০৯ কোটি ৭০ লাখ টাকা। এর বড় অংশই ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। বিপরীতে বড় বরাদ্দ থাকা পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ এ সময়ে কোনো অর্থই ব্যয় করতে পারেনি। গতকাল সোমবার প্রকাশিত পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা। এই অর্থ বাস্তবায়নের জন্য রয়েছে ১ হাজার ১৭২টি প্রকল্প। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৯৮৬টি, সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প ২৩টি, কারিগরি সহায়তা প্রকল্প ১০৯টি এবং নিজস্ব অর্থায়নের প্রকল্প রয়েছে ৫৩টি।

অর্থবছরের প্রথম দুই মাসে ৩ লাখ কোটি টাকার বেশি এডিপির বিপরীতে ব্যয় হয়েছে মাত্র ৫ হাজার ৭০৯ কোটি ৭০ লাখ টাকা। অর্থাৎ জুলাই-আগস্টে পুরো বছরের বরাদ্দের ২ শতাংশও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শুধু চলতি অর্থবছরেই নয়, আগের কয়েক বছরের তুলনায়ও এবার এডিপি বাস্তবায়নের হার কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্টে এডিপি বাস্তবায়নের হার ছিল ২ দশমিক ৩৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ২ দশমিক ৫৭ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩ দশমিক ৮৪ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ৩ দশমিক ৮৫ শতাংশ।

আইএমইডির তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম দুই মাসে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। চলতি অর্থবছরে এ বিভাগের অধীনে ২০১টি প্রকল্পে বরাদ্দ রয়েছে ৩৩ হাজার ৩৭৪ কোটি ৩১ লাখ টাকা। এর বিপরীতে জুলাই-আগস্টে ব্যয় হয়েছে ১ হাজার ৯৭৯ কোটি ৭৫ লাখ টাকা। এ হিসাবে বিভাগের নিজস্ব বরাদ্দের ৫ দশমিক ৯৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

বড় বরাদ্দ থাকা অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের বাস্তবায়ন চিত্রও ধীরগতির। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে চলতি অর্থবছরে বরাদ্দ রয়েছে ২৯ হাজার ৮৪১ কোটি ৭ লাখ টাকা। এর বিপরীতে দুই মাসে ব্যয় হয়েছে ৬৬৫ কোটি ১৫ লাখ টাকা। অর্থাৎ বরাদ্দের ২ দশমিক ২৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

বিদ্যুৎ বিভাগে ১৮ হাজার ১০৬ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ৩৮৫ কোটি ৬১ লাখ টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১৭ হাজার ৭৪ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ২৮২ কোটি ৭০ লাখ টাকা। নৌপরিবহন মন্ত্রণালয়ে ৯ হাজার ৫২০ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দ থাকলেও ব্যয় হয়েছে মাত্র ১৬ কোটি ৪০ লাখ টাকা। আর রেলপথ মন্ত্রণালয়ের ৫ হাজার ৩৪৩ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ৩১ কোটি ৫৮ লাখ টাকা।

এদিকে অর্থবছরের প্রথম দুই মাসে সরকারের পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ এডিপির কোনো অর্থই ব্যয় করতে পারেনি। এগুলো হলো সেতু বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত