বাসু চ্যাটার্জির আবেগ ধরে রাখতে পারবে কি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ এএম

নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার তুমুল জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ এক সোনালি অধ্যায়। ১৯৯৮ সালে কিংবদন্তি নির্মাতা বাসু চ্যাটার্জির পরিচালনায় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও কলকাতার প্রিয়াঙ্কা ত্রিবেদী জুটির সেই নির্মল প্রেম আজও দর্শক হৃদয়ে গেঁথে আছে। নচিকেতা চক্রবর্তীর মন ছুঁয়ে যাওয়া আবহ সংগীত আর গানের মূর্ছনায় কালজয়ী হয়ে থাকা সিনেমাটি মুক্তির দীর্ঘ ২৮ বছর পর আবারও ফিরছে রুপালি পর্দায়, তবে নতুন মোড়কে ও নতুন প্রজন্মের গল্প নিয়ে।

তরুণ নির্মাতা কামরুজ্জামান মূল গল্পের আবেগ অক্ষুন্ন রেখে সমসাময়িক প্রেক্ষাপটে নির্মাণ করেছেন এর আধুনিক সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’। আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে ফেরদৌস-প্রিয়াঙ্কার অসাধারণ জুটি ভেঙে প্রধান দুটি চরিত্রে দেখা যাবে দুই নবীন মুখ আরিয়ান ও রাদিফাকে। এছাড়া অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান এবং ঝুনা চৌধুরী।

পরিচালক কামরুজ্জামান বলেন, ‘এ ধরনের ছবি রিমেক করাটা একটা বড় চ্যালেঞ্জ। বর্তমান সময়ের কথা মাথায় রেখে আমরা কাজটা করেছি। ছবিটি দেখার পর বাকিটা সবাই বলবেন।

তবে চলচ্চিত্রপ্রেমীদের মনে প্রশ্ন, ২৮ বছর আগের সেই উন্মাদনা ও আবেগ কি পুনরায় ফিরিয়ে আনতে পারবে এই নতুন উদ্যোগ? আগের সিনেমার সুরের জাদুকে শ্রদ্ধা জানিয়ে পুরনো ছয়টি গানের মধ্য থেকে তিনটির আধুনিক সংস্করণ রাখা হয়েছে, পাশাপাশি যুক্ত হয়েছে দুটি নতুন গানও।

পুরোনো স্মৃতি আর নতুন উপস্থাপনার এই সিনেমা আগামী ২ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। নবীন শিল্পীদের কাঁধে ভর করে কালজয়ী এই নামের আবেগ আধুনিক দর্শকদের হৃদয়ে আবার কতটা জায়গা করে নিতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

সর্বশেষ সর্বাধিক পঠিত