সাজাপ্রাপ্ত ২ কারাবন্দির মৃত্যু ঢামেকে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়েছে। তারা হলেনÑ কয়েদি সোহরাব হোসেন (৫৫) ও হাজতি মো. আজিম উদ্দিন ওরফে কালাম শেখ (৩২)।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১২টায় সোহরাব হোসাইনের মৃত্যু হয়। তিনি মান্দা থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। মৃত সোহরাব হোসাইনের কয়েদি নম্বর- ৭১৮/এ। কারাগারে গত ১৪ সেপ্টেম্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে মেডিসিন বিভাগের ৬০২নং ওয়ার্ডে ভর্তি করা হয়। নওগাঁর মান্দা থানার রাঙ্গামাটি গ্রামের ছেলে সোহরাব হোসাইন।

আজিম উদ্দিনের হাজতি নম্বর-৭৫৮/এ। রবিবার কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে মেডিসিন বিভাগের ৬০১নং ওয়ার্ডে ভর্তি করা হলে রাত সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজিম উদ্দিনের বাসা ঢাকার আশুলিয়ার শান্তিপাড়া এলাকায়। তার বাবার নাম আব্দুল আহাদ।

সোহরাব হোসাইন ও আজিম উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আমিনুল ইসলাম বলেন, তারা কোন মামলায় কারাবন্দি ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত