বিমানবন্দরে যাত্রীর সঙ্গে আনসার সদস্যদের হাতাহাতি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ এএম

শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা নির্দেশনা অমান্য করে প্রবেশের চেষ্টা কেন্দ্র করে যাত্রীর স্বজনদের সঙ্গে আনসার সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্ব পালনরত তিন আনসার সদস্য সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় গত রবিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে সি-শিফটের নিরাপত্তা দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার বাহিনীটির গণসংযোগ কর্মকর্তা নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একজন যাত্রীর স্বজন নিরাপত্তা নির্দেশনা উপেক্ষা করে আগমনী গেট দিয়ে বিমানবন্দরের ভেতরে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা বিমানবাহিনী ও আনসার সদস্যরা তাকে বাধা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ব্যক্তি নির্দেশনা অমান্য করে নিরাপত্তাকর্মীদের পাশ কাটিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে একপর্যায়ে মেঝেতে পড়ে যান। ঘটনাটি দেখে কয়েকজন যাত্রীর স্বজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন। পরে নিরাপত্তাজনিত কারণে ভিডিও ধারণ বন্ধ করতে বলা হলে তারা উত্তেজিত হয়ে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সঙ্গে বাগ্বিত-ায় জড়ান। একপর্যায়ে উত্তেজিত ব্যক্তিরা আনসার সদস্যদের ওপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে কয়েকজন যাত্রীর স্বজন আনসার সদস্যদের ঘিরে ফেলেন। পরে বিমানবাহিনী ও আনসারসহ দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা সমন্বিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উত্তেজিত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত