‘সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল’ করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকারের বয়স ৭ মাস, সাইবার সুরক্ষা আইনের বয়স ৪/৫ মাস। এমনকি ঘটেছে যে ৪/৫ মাসের মধ্যে এই আইন সংশোধন করতে হবে? সরকারের মধ্যে অস্থিরতা ও দ্বিধাদ্বন্দ্ব দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের জারিকৃত সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংসদে সাইবার সুরক্ষা আইন-২০২৬ নামে পাস হয়েছে। কিন্তু সাইবার সুরক্ষা আইন পাস হওয়ার ৪/৫ মাসের মধ্যে সরকার হীন উদ্দেশে এই আইন সংশোধন করতে চাচ্ছে।
‘সাইবার সুরক্ষা আইন ২০২৬ : নিরাপত্তা, নিয়ন্ত্রণ নাকি বাকস্বাধীনতা দমন?’- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গতকাল সোমবার জামায়াতে ইসলামীর তথ্য ও সম্প্রচার বিভাগের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
গোলাম পরওয়ার বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি সরকার ফ্যাসিবাদ হয়ে উঠছে। সংসদে কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করেছে, গণভোটের রায় উপেক্ষা করেছে, গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সুপ্রিমকোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। সাইবার সুরক্ষা আইনে সবচেয়ে বেশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের হয়রানি হতে হবে। তিনি বলেন, বিরোধী দলমত দমন করতে এবং সরকারের দুর্নীতি, দলীয়করণ প্রকাশ যাতে না হয় সে জন্য মিডিয়াকে দমন করতে সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধনের পথে হাঁটছে। তিনি সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।
লেখক ও সাংবাদিক আবুল আসাদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রফিকুজ্জামান রুমান। বক্তব্য রাখেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল প্রমুখ।