এয়ারবাস কেনা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না: ফরাসি রাষ্ট্রদূত

 তিনি উল্লেখ করেন, জুলাই চার্টার অনুযায়ী বাংলাদেশে চলমান বিভিন্ন ক্ষেত্র ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে গভীর নজর রাখছে ফ্রান্স। একই সঙ্গে গণমানুষের মৌলিক অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার সুরক্ষায় ফ্রান্স সবসময় তাদের সুনির্দিষ্ট মতামত ও পরামর্শ বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরে থাকে।

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার বাংলাদেশের পরিকল্পনা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে এয়ারবাস ইস্যুতে ঢাকার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ‘পরীক্ষা’ হিসেবে বিবেচিত হতে পারে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফরাসি রাষ্ট্রদূত এসব কথা বলেন।

রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেন, ফ্রান্স কোনো রাজনৈতিক শক্তি ব্যবহার করে বা চাপ সৃষ্টি করে অংশীদারত্ব পরিচালনা করে না। বাংলাদেশ সরকার নিজস্ব প্রয়োজন এবং যথাযথ গবেষণা ও পর্যালোচনার পরই এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার পরিকল্পনা গ্রহণ করেছিল। ঢাকা এখনো সেই অবস্থান থেকে পুরোপুরি সরে আসেনি উল্লেখ করে তিনি জানান, বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য চুক্তি নিয়ে ফ্রান্স কিংবা ইউরোপীয় ইউনিয়ন উদ্বিগ্ন নয়। কারণ ইউরোপ কখনো কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ায় বিশ্বাস করে না, বরং বাংলাদেশের টেকসই উন্নয়নে তারা সত্যিকারের আস্থাশীল অংশীদার হতে চায়।

দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে জঁ-মার্ক সেরে-শারলে বলেন, বাংলাদেশের তৈরি পোশাকের প্রায় ৫০ শতাংশ বাজার ইউরোপে। ফলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বাংলাদেশের নিজেদের অর্থনৈতিক স্বার্থেই অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২৫টি এবং ইউরোপের এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার বিষয়ে ঢাকার যে বাণিজ্যিক আলোচনা চলছে, তা দুই অঞ্চলের সঙ্গেই ভারসাম্যের ইঙ্গিত দেয়।

এছাড়া এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, জুলাই চার্টার অনুযায়ী বাংলাদেশে চলমান বিভিন্ন ক্ষেত্র ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে গভীর নজর রাখছে ফ্রান্স। একই সঙ্গে গণমানুষের মৌলিক অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার সুরক্ষায় ফ্রান্স সবসময় তাদের সুনির্দিষ্ট মতামত ও পরামর্শ বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরে থাকে।
 
সর্বশেষ সর্বাধিক পঠিত