যে কারণে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। ফলে এদিন কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সংশোধিত বাৎসরিক ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। তবে চাঁদ দেখার বিষয়টি বিবেচনায় নিয়ে ছুটির তারিখ পরিবর্তন করা হয়। এ বিষয়ে গত রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্ত অনুযায়ী ২০ মে জারি করা ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের ছুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। কোনো বিশ্ববিদ্যালয় এ উপলক্ষে ছুটি ঘোষণা করলে সাধারণত আগে থেকেই নোটিশের মাধ্যমে জানানো হয়।

ফাতেহা-ই-ইয়াজদাহম কী

‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ফাতেহা-ই-ইয়াজদাহম বলতে ১১তম দিনের ফাতেহাকে বোঝানো হয়। প্রতি হিজরি বছরের রবিউস সানি মাসের ১১ তারিখে এ দিবস পালন করা হয়।

বড়পির হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর ওফাত দিবস হিসেবে এটি পালিত হয়ে আসছে। হিজরি ৫৬১ সালের ১১ রবিউস সানি তিনি ইন্তেকাল করেন। দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করা হয়। দিবসটি অনেকের কাছে ‘গেয়ারভি শরিফ’ নামেও পরিচিত।

সর্বশেষ সর্বাধিক পঠিত