বিশ্বকাপ ফাইনালের হার এবং ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া দীর্ঘ ধোঁয়াশা কাটিয়ে অবশেষে আর্জেন্টিনার ডাগআউটে লিওনেল স্কালোনির থেকে যাওয়ার সুসংবাদ মিলছে। দেশটির একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি ডিসেম্বরে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আরও দুই বছরের জন্য আলবিসেলেস্তেদের সঙ্গে নতুন চুক্তিতে সই করতে চলেছেন সফল এই কোচ।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি-এর এক প্রতিবেদনের সূত্রমতে, ২০২৮ সালের কোপা আমেরিকা পর্যন্ত এই চুক্তি হওয়ার কথা রয়েছে, যেখানে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ানোর শর্তও যুক্ত থাকতে পারে। বিশ্বকাপ জেতানো এই কারিগরের হাত ধরেই এবার নতুন প্রজন্মের তরুণদের নিয়ে দল পুনর্গঠনের পথে হাঁটছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বিশ্বকাপের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন স্কালোনি। সে সময় তিনি বলেছিলেন, ‘আমার একটা পরিকল্পনা আছে যে আমি কী করতে চাই, আমি চুক্তি পূরণ করব এবং তারপর দেখা যাবে।’
তবে সাম্প্রতিক সময়ে সেই সংশয়ের মেঘ কেটে গেছে। আসন্ন ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে প্রীতি ম্যাচগুলোর আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি এশিয়ান চ্যানেল মিগু-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘আমরা চেষ্টা করব, আমরা সেখানে থাকি বা না থাকি।’
তরুণদের সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি সরাসরি আরও যোগ করে বলেছিলেন, ‘আসন্ন ম্যাচগুলোতে আমাদের উদ্দেশ্য হলো তরুণ খেলোয়াড়দের আমাদের খেলার কৌশলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া। এখন আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সুযোগ রয়েছে, যে তরুণ খেলোয়াড়েরা কড়া নাড়ছে তাদের ওপর আস্থা রাখার সময় এটা।’
আগামী মাসে বলিভিয়া, বুর্কিনা ফাসো এবং বেনিনের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। এর মধ্যে বেনিনের বিপক্ষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। এই বিদায়ী ম্যাচ এবং পরবর্তী ম্যাচগুলোর জন্য স্কালোনি যে দল ঘোষণা করেছেন, সেখানে স্পষ্ট হয়ে উঠেছে দল বদলের হাওয়া।
ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, মাতিয়াস সুলে ও একু ফের্নান্দেসের মতো পরিচিত তরুণ মুখের পাশাপাশি রোমান ভেগা, সান্তিয়াগো সিমন, লিওনেল ফ্লোরেস এবং তোইয়াস আনদ্রাদার মতো নতুন চমকও রেখেছেন তিনি।
স্কালোনির ডাগআউটে থাকা নিয়ে কী বলছেন দিবু-রোমেরোরা
কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান চান খোদ দলের ফুটবলাররাও। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে স্কোয়াডে যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রত্যেকেই স্কালোনির ওপর নিজেদের আস্থার কথা জানিয়েছেন।
দলের গোলরক্ষক এমিলিয়ানো 'দিবু' মার্তিনেজ বলেন, ‘আমার সত্যি কোনো ধারণা নেই, এটা ওনা আর দলের বিষয় এবং তিনি যা সিদ্ধান্ত নেবেন, আমরা তার পাশেই আছি।’
দলের রক্ষণভাগের অন্যতম ভরসা ক্রিস্টিয়ান রোমেরো বলেন, ‘আমরা আশা করি তিনি থেকে যাবেন। এই দলটাকে এক সুতোয় বাঁধার মূল মানুষটি তিনি, তাই স্বাভাবিকভাবেই আমরা চাই তিনি কন্টিনিউ করুন।’
তরুণ মিডফিল্ডার নিকো পাজের অভিষেকটা হয়েছিল স্কালোনির হাত ধরেই। তাইতো এতো দ্রুতই এই মাস্টারমাইন্ডের সান্নিধ্য ছাড়তে চান না তিনি।এসব অনুভূতি প্রকাশ করে নিকো বলেন, ‘তিনি অন্যতম গুরুত্বপূর্ণ কোচ, তিনিই আমাকে অভিষেক করিয়েছেন এবং আমি আশা করি তিনি থেকে যাবেন।’
এছাড়া ডিফেন্ডার লিয়োনার্দো বালের্দি ও গোলরক্ষক জেরোনিমো রুলিও স্কালোনির হাতেই দলের ভবিষ্যৎ নিরাপদ দেখছেন এবং তিনি নিজেই যা খুশি তাই বেছে নেবেন বলে পূর্ণ সমর্থন জানিয়েছেন।
এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৮ গোল খেল হকির মেয়েরা