১২ সরকারি ক্রয় প্রস্তাব মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন

সভায় সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্পের 'অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স কনট্রাক্টর' হিসেবে ইন্দোনেশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান 'পিটি পারটামিনা ট্রান্স কন্টিনেন্টাল'-কে নিয়োগ দেওয়া হয়েছে। সভায় মোট ১২টি প্রস্তাব পর্যালোচনার জন্য উত্থাপন করা হয়।

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধি এবং কৃষি ও জ্বালানি খাতের চাহিদা পূরণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সভায় সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্পের 'অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স কনট্রাক্টর' হিসেবে ইন্দোনেশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান 'পিটি পারটামিনা ট্রান্স কন্টিনেন্টাল'-কে নিয়োগ দেওয়া হয়েছে। সভায় মোট ১২টি প্রস্তাব পর্যালোচনার জন্য উত্থাপন করা হয়।

এর মধ্যে কৃষি খাতের জন্য বিপুল পরিমাণ সার আমদানি, জ্বালানি খাতের কৌশলগত অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও এলএনজি ক্রয় এবং 'ইনভেস্ট বাংলাদেশ'-এর অধীনে চায়না অর্থনৈতিক অঞ্চলের বিশাল অবকাঠামো নির্মাণের মতো মেগা প্রকল্পগুলো অনুমোদন পেয়েছে। তবে প্রযুক্তিগত ও কৌশলগত কারণে বাপেক্সের একটি হাই-ক্যাপাসিটি রিগ ক্রয়ের প্রস্তাব অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত রাখা হয়েছে।

এসপিএম পরিচালনা ও রক্ষণাবেক্ষণ: সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্পের 'অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স কনট্রাক্টর' হিসেবে ইন্দোনেশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান 'পিটি পারটামিনা ট্রান্স কন্টিনেন্টাল'-কে নিয়োগ দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১,৯৪৬ কোটি ২২ লাখ ২৭ হাজার ২৭ টাকা।
 
জরুরি এলএনজি আমদানি: দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে জিটুজি প্রক্রিয়ায় 'কাতার এনার্জি ট্রেডিং এলএলসি'  থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আগামী নভেম্বরে নির্ধারিত মূল্যের চেয়ে ভিন্নমূল্যে (একক দর) অতিরিক্ত ২ কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

কৃষি উৎপাদন অব্যাহত রাখতে বড় চালানে সার ক্রয়: আসন্ন কৃষি মৌসুমে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয়ের ৪টি পৃথক আমদানির প্রস্তাবই পাস করেছে কমিটি: কানাডা থেকে এমওপি সার: জিটুজি চুক্তির অধীনে 'কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন' (সিসিসি) থেকে দুই ধাপে (৩য় ও ৪র্থ লট) মোট ৮০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন ৩৮৩.৮০ মার্কিন ডলার হিসেবে মোট ব্যয় ধরা হয়েছে ৩৭৯ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার ২০০ টাকা।
 
রাশিয়া থেকে এমওপি সার: রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির ভিত্তিতে রাশিয়ার প্রতিষ্ঠান 'জেএসসি ফরেন ইকনোমিক কর্পোরেশন (প্রডিনটর্গ)' থেকে ৭ম লটের আওতায় ৩৫ হাজার টন এমওপি সার আমদানি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১৬৫ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

সৌদি আরব থেকে ডিএপি সার: সৌদি আরবের বিখ্যাত প্রতিষ্ঠান 'মাআদেন' থেকে ৪র্থ লটের ৪০ হাজার টন ডিএপি সার প্রতি  টন ৮৮৫ ডলার হিসেবে ৪৩৭ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকায় আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইনভেস্ট বাংলাদেশ: চায়না অর্থনৈতিক অঞ্চলে মেগা অবকাঠামো নির্মাণ: প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় বাস্তবায়নাধীন ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ প্রকল্পের বড় সাফল্য এসেছে। চট্টগ্রামের আনোয়ারায় এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সড়ক (১০ ও ২৪ মিটার প্রশস্ত), জলাধার, গ্যাস সরবরাহ লাইন (ডিআরএসসহ), কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি), বহুমুখী জেটি, বর্জ্য সংগ্রহ কেন্দ্র ও ৩৩/১১ কেভি পাওয়ার সাবস্টেশনসহ সামগ্রিক অবকাঠামো নির্মাণের কাজ দেওয়া হয়েছে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (সিআরবিসি)-কে। ইপিসি ভিত্তিতে অনুমোদিত এই বিশাল প্রকল্পের মূল চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩,৬২৯ কোটি ৯৫ লাখ ৮১ হাজার টাকা। 

আমদানি ও পুনর্বাসনে অন্যান্য গুরুত্বপূর্ণ অনুমোদন: মসুর ডাল ক্রয়: বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে টিসিবির মাধ্যমে বিক্রির জন্য খুলনার ‘জাইতুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড’ থেকে প্রতি কেজি ৭৬.৮৯ টাকা দরে মোট ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ভ্যাট ও ট্যাক্সসহ ব্যয় হবে ৭৬ কোটি ৮৯ লাখ টাকা।

খাদ্যশস্য সুরক্ষায় পাটের বস্তা: খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর ই-জিপি প্রক্রিয়ায় ৫০টি প্যাকেজের মাধ্যমে ৫০ কেজি ধারণক্ষমতাসম্পন্ন ১ কোটি পিস পাটের বস্তা ক্রয়ের অনুমোদন লাভ করেছে। যৌথভাবে ১৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়িত হতে যাওয়া এই চুক্তিমূল্য ১১১ কোটি ৮৬ লাখ টাকা।

বন্যা দুর্গত সড়ক অবকাঠামো পুনর্নির্মাণ: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট জোনের অধীনে হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণের (প্যাকেজ ডাব্লিউপি-১৪) কাজ অনুমোদন করা হয়েছে। ১১৮ কোটি ৩২ লাখ ৯৭ হাজার ১৩৫ টাকায় 'আইসিসিএল-বেলাল জেভি' এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। 

দরপত্র বাতিল ও রিগ ক্রয় স্থগিত: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক সেপ্টেম্বরের জন্য আহ্বানকৃত ডিজেল ও জেট এ-১ আমদানির আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র বাতিলের প্রস্তাব পাস হয়েছে। অন্যদিকে, বাপেক্সের ২,০০০ হর্স পাওয়ার ক্ষমতার ভূ-গর্ভস্থ ড্রিলিং রিগ ও আনুষঙ্গিক সরঞ্জাম কেনার প্রস্তাবটি অধিকতর যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেয়ার বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত