নেশাগ্রস্ত হয়ে বৃদ্ধ বাবা-মাকে মারধর, যুবকের কারাদণ্ড

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নেশাগ্রস্ত হয়ে বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগে বেলাল মিয়া (৩০) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বেলা ১টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সরতাজবাহেরা এলাকায় এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এসআই পঙ্কজ চন্দ্র দে সরকারের নেতৃত্বে এএসআই শামসুজ্জোহা ও পুলিশ সদস্যরা বেলালের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল মাদকাসক্ত হয়ে পড়েন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি তার জন্মদাতা বাবা-মাকে মারধর করেছেন বলেও অভিযোগ রয়েছে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বেলালকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।

ইউএনও বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদক সংশ্লিষ্ট অপরাধে কোনো ছাড় দেওয়া হবে না।

ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ, পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন।

পুলিশ জানিয়েছে, মাদক ও মাদকসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে বেলালকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেছে। তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অভিযানে সার্বিক সহযোগিতা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত