পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে ছোটপর্দায় ফের দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার নতুন কাজের খবর নিজেই জানিয়ে দিলেন অভিনেত্রী। তবে কোনো ডেইলি সোপে নয়, বরং একেবারে অন্য ধরনের অনুষ্ঠানের হাত ধরে দর্শকের সামনে ফিরছেন সৌমিতৃষা। সোনি আটের নতুন রান্নার রিয়েলিটি শো ‘রাঁধুনি না কাঁদুনি’-তে দেখা যাবে তাকে।
সৌমিতৃষার এই অনুষ্ঠানে থাকা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। তবে চূড়ান্ত ঘোষণা আসার আগেই অনুষ্ঠানের প্রচারে প্রকাশিত কিছু তথ্যকে ঘিরে তৈরি হয়েছিল ধোঁয়াশা। এবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী। শুটিং সেট থেকে একাধিক ছবি পোস্ট করে নতুন কাজের সঙ্গে নিজের যোগসূত্র স্পষ্ট করেছেন তিনি।
গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য সৌমিতৃষার সাজও নজর কেড়েছে। গোলাপি পোশাকে অভিনেত্রীকে দেখা গিয়েছে একেবারে অন্য লুকে। তাঁর এই মিষ্টি, ঝলমলে সাজের ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে। ছবির আবহে ব্যবহার করা হয়েছে ‘ম্যায় আগর কহুঁ’ গানটি। সঙ্গে ছিল একাধিক হৃদয়ের ইমোজি—যা অনেকের কাছেই তাঁর নতুন কাজের ইঙ্গিতকে আরও স্পষ্ট করে দেয়।
‘রাঁধুনি না কাঁদুনি’র সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অঙ্কুশ হাজরা। রাজ চক্রবর্তী প্রোডাকশনের এই অনুষ্ঠানে টেলিভিশন ও বিনোদন জগতের একাধিক পরিচিত মুখকে দেখা যাবে। তবে প্রকাশিত প্রোমোতে সৌমিতৃষাকে দেখতে না পাওয়ায় তাঁর অনুরাগীদের একাংশের মনে প্রশ্ন উঠেছিল, আদৌ কি অনুষ্ঠানে থাকছেন তিনি? শেষ পর্যন্ত অভিনেত্রীর নিজের পোস্টেই মিলল সেই প্রশ্নের উত্তর। নতুন অনুষ্ঠানে সৌমিতৃষাকে ঠিক কোন ভূমিকায় দেখা যাবে, তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
শুটিংয়ে ফিরলেন সৌমিতৃষা
শাকিব খানে মুগ্ধ সৌমিতৃষা
এক ফ্রেমে তিন টলিউড তারকা