কৃষকের সন্তান সাজেদুলের সাফল্য, মেধা তালিকায় ১২তম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) কর্তৃক ঘোষিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ (প্রবেশ পদ) হিসেবে উত্তীর্ণ হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন সিরাজগঞ্জের বেলকুচির সন্তান মো. সাজেদুল হক। ২০০ জন সাময়িকভাবে মনোনীত প্রার্থীর মেধা তালিকায় তিনি ১২তম স্থান অধিকার করেছেন।

সাজেদুল হক সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের অতি সাধারণ কৃষক মো. লুৎফর রহমানের জ্যেষ্ঠ সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, সাজেদুল ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও পড়াশোনায় অনুরাগী ছিলেন। তিনি স্থানীয় ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক (এসএসসি) এবং বেলকুচি সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাশ করেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ২০১৮-১৯ সেশনে ভর্তি হন এবং সেখান থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেন।  

ছেলের এই অভাবনীয় সাফল্যে আবেগাপ্লুত বাবা লুৎফর রহমান বলেন, আমার তিন সন্তানের মধ্যে সাজেদুল সবার বড়। পৈতৃকসূত্রে পাওয়া সামান্য জমিতে হালচাষ করেই সংসার চালাতাম। সন্তানদের পড়াশোনার খরচ চালাতে গিয়ে শেষ সম্বল জমিটুকুও বিক্রি করতে হয়েছে। আজ অভাবের সংসারে ছেলের এই সাফল্য দেখে মনে হচ্ছে মহান আল্লাহ আমার জীবনের সব কষ্ট সার্থক করেছেন। আমি দেশবাসীর কাছে দোয়া চাই—আমার ছেলে যেন একজন ন্যায়পরায়ণ ও সৎ বিচারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

​নিজের অনুভূতি ও সাফল্যের পেছনের গল্প জানাতে গিয়ে সাজেদুল হক বলেন, সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। আমার পরিবারের অসীম ত্যাগ ও কষ্ট ছাড়া আজ আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। তাদের মুখের হাসি ফুটাতে পেরেছি—এটাই আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা।

তিনি আরও বলেন, আমার বাবা-মা, শিক্ষক, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, যারা প্রতিটি পদে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। আমি সকলের কাছে দোয়া চাই, যেন নিষ্ঠা, সততা, মেধা ও নিরপেক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে দেশের সেবা করতে পারি।

সর্বশেষ সর্বাধিক পঠিত