মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও তেলের দাম পুনরায় সমন্বয়ের চেষ্টা করবে সরকার।

‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ জ্বালানি তেল আমদানির্ভর দেশ জানিয়ে তিনি বলেন, দেশে জ্বালানি তেল উৎপাদন হয় না। যে অঞ্চল থেকে জ্বালানি তেল আমদানি করা হয়, সেখানে বর্তমানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এর প্রভাব সারা বিশ্বের জ্বালানি বাজারে পড়েছে এবং বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে।

তিনি বলেন, বিদেশ থেকে বৈদেশিক মুদ্রার মাধ্যমে জ্বালানি তেল আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি বীমা প্রিমিয়ামসহ আমদানি ব্যয়ও বেড়েছে। ফলে দীর্ঘ সময় জ্বালানি তেলের মূল্য সমন্বয় না করে রাখা সরকারের জন্য কঠিন হয়ে পড়েছিল।

সরকার প্রথম ছয় মাস পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন,তেলের কোনো বিকল্প না থাকায় শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত কেটে যাবে বলে সরকার আশাবাদী। সংকট কেটে গিয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে খুব দ্রুত দেশের বাজারেও দাম সমন্বয়ের চেষ্টা করা হবে।

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটন ও মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত