গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গতকাল বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাহউদ্দিন চার দিনের রিমান্ড শেষে গাজী নজরুলকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন উভয় পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, নজরুল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে অনেক প্রশ্ন কৌশলে এড়িয়ে গেছেন। মরিয়ম আত্মহত্যার সময় আসামিরা পাশের রুমে অবস্থান করেছিল। এ বিষয়ে আরও জানার জন্য রিমান্ডের প্রয়োজন।

এদিকে গতকাল একই মামলায় গাজী নজরুলের মামাশ্বশুর ওবায়দুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত বুধবার এসআরবি মিরপুর এলাকা থেকে ওবায়দুরকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করে।

গত সোমবার আদালত গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার স্ত্রী মাকসুদা ইসলামের একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। মঙ্গলবার একদিনের রিমান্ড শেষে মাকসুদার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠায় আদালত।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে এ মামলাটি করেন মরিয়মের বাবা এসএম মাসুম বিল্লাহ।

গত ২০ জুলাই রাতে ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়মের সঙ্গে এমপি নজরুলের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে সংসদ সদস্য নজরুল ইসলাম ফেসবুকে পোস্টে ওই তরুণীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত