শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম

কবি, শিশুসাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠক আখতার হুসেন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।

তিনি দুই ছেলে প্রান্ত হুসেন ও প্রমিত হুসেনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রমিত হুসেন জানান, মস্তিষ্কে রক্তক্ষরণসহ নানা জটিলতা নিয়ে কয়েক দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন আখতার হুসেন। তিনি ক্যানসার থেকে সুস্থ হয়ে উঠলেও ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ব্রেন স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে তেজকুনীপাড়ায় বাসভবনের কাছে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। পরে মরদেহ সিরাজগঞ্জে নেওয়া হবে। আখতার হুসেনের শেষ ইচ্ছা অনুযায়ী সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে স্ত্রী মল্লিকা হুসেনের কবরের পাশে তাকে দাফন করা হবে।

১৯৪৫ সালের ১ নভেম্বর রাজশাহীর আমনুড়ায় জন্মগ্রহণ করেন আখতার হুসেন। তার পৈতৃক নিবাস নাটোরের লালপুরের নুরুল্লাপুরে। বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। উদীচীর অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য এবং খেলাঘরের সংগঠক হিসেবে কাজ করেছেন। ছাত্র ইউনিয়ন ও খেলাঘরের জনপ্রিয় সংগঠন সংগীত ‘আমরা তো সৈনিক, শান্তির সৈনিক’ তারই লেখা।

ছয় দশকের বেশি সময় ধরে শিশু-কিশোরদের জন্য লিখেছেন আখতার হুসেন। তার ছড়া ও শিশুতোষ মৌলিক গ্রন্থ, জীবনী, অনুবাদ, সম্পাদিত গ্রন্থসহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক।

সাহিত্যে অবদানের জন্য আখতার হুসেন বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ভাষাশহীদ আবদুল জব্বার স্মৃতিপদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ প্রদত্ত মুক্তিযোদ্ধা কলম সৈনিক সম্মাননা স্মারক, মনিরউদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, বজলুর রহমান স্মৃতিপদকসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত