২৪ দিনের ব্যবধানে ফের ৬০০ বস্তা সার জব্দ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের সময় আবারও ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তরের সময় ৩০ হাজার কেজি বা ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সারের আনুমানিক মূল্য ২১ লাখ টাকা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানে সার পাচারে ব্যবহৃত দুটি ট্রাকসহ দুজন পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দ করা সার, ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর বাঁশবাড়িয়া ঘাট এলাকায় মিয়ানমারে পাচারের সময় তিনটি ট্রাকে থাকা ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছিল কোস্ট গার্ড। ওই চালানে ছিল ৩৫ হাজার কেজি সার, যার আনুমানিক মূল্য ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা। সে সময় তিনটি ট্রাকসহ দুজন পাচারকারীকে আটক করা হয়। পরে উপজেলা প্রশাসন জব্দ করা সার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত