ঋণের চাপে কমে গেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের বেতন 

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পিএম

বিশ্ব ক্রিকেটের বাণিজ্যিক প্রসারের যুগে যেখানে অন্যান্য দেশের ক্রিকেটারদের পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা আকাশচুম্বী, ঠিক তখনই উল্টো পথে হাঁটল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। দীর্ঘদিনের আর্থিক সংকট, আইসিসির ঋণের শর্ত এবং ক্রমবর্ধমান পরিচালনা ব্যয়ের চাপ সামাল দিতে বাধ্য হয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

আজকের দেশটির বোর্ড থেকে দেওয়া এক ঘোষণায় ক্যারিবীয় ক্রিকেটারদের রিটেইনার ফি বা কেন্দ্রীয় চুক্তির বেতন ২৫ শতাংশ কমিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে, যা বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি সংস্কৃতির যুগে নতুন করে বিপাকে ফেলতে পারে উইন্ডিজদের।

সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিকভাবে বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। বিশেষ করে গত ১৫ বছরে শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটের ভ্রমণ ও আবাসনের পেছনেই প্রায় আট কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে, যার বিপরীতে কোনো স্পনসরশিপ বা আর্থিক সহযোগিতা মেলেনি। এই বিশাল ব্যয়ের বোঝা টানতে গিয়ে বোর্ড এখন কঠিন নগদ অর্থ সংকটের মুখে পড়েছে।

পরিস্থিতি সামাল দিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী ক্রিস ডেহরিং আজ এক বিবৃতিতে বলেন, ‘এটি আদর্শ কোনো পদক্ষেপ নয়, তবে আর্থিক স্থিতিশীলতার পথে এগোতে এটা করা প্রয়োজন।’ 

তিনি আরও যোগ করেন, ‘ঐতিহাসিকভাবে আমাদের ঘরোয়া টুর্নামেন্টগুলো যেভাবে পরিচালিত হয়ে এসেছে, যেখানে বয়সভিত্তিক, উন্নয়নমূলক কিংবা সিনিয়র, পুরুষ ও নারী, সব ধরনের জাতীয় দল ও টুর্নামেন্টের পুরো খরচ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বহন করে। এর মধ্যে বেতন, ম্যাচ ফি, বিমানভাড়া, হোটেল ও আয়োজনের খরচও রয়েছে। এই ব্যবস্থা আর টেকসই নয়।’ 

এছাড়া বোর্ডের এই আর্থিক চাপের বড় একটি কারণ আইসিসির সঙ্গে করা ঋণের চুক্তি। চলতি বছরের জুলাইয়ে সিডব্লুআইকে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে আইসিসি, যা আগামী এক বছরে তিন ধাপে পাওয়ার কথা। তবে এই ঋণ পাওয়ার পেছনে আইসিসির কঠোর কিছু শর্ত ও লক্ষ্যমাত্রা জুড়ে দেওয়া হয়েছে, যা পূরণে বাধ্য হয়েই এই ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে বোর্ড।

বেতন কমানোর এই সিদ্ধান্তের প্রভাব কেবল আন্তর্জাতিক চুক্তিতেই সীমাবদ্ধ থাকছে না, বরং ঘরোয়া ক্রিকেটের কাঠামোতেও এসেছে আমূল পরিবর্তন। আন্তর্জাতিক ক্রিকেটারদের চুক্তি ১২ মাসের থাকলেও, ঘরোয়া ক্রিকেটারদের রিটেইনার চুক্তি কমিয়ে এখন মাত্র ৭ মাসে নামিয়ে আনা হয়েছে। এর পাশাপাশি পরিচালন ব্যয় কমাতে চলতি বছরের ছেলেদের সুপার৫০ টুর্নামেন্ট এবং মেয়েদের টি-টুয়েন্টি ব্লেজ টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করেছে বোর্ড।

ক্রিকেটারদের বেতন ও সুযোগ-সুবিধা হ্রাসের এই ঘোষণা এমন এক সময়ে এল, যখন গ্লোবাল টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর দিকে ক্যারিবীয় খেলোয়াড়দের ঝোঁক সবচেয়ে বেশি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অবাধ প্রসারের এই যুগে এমনিতেই কেন্দ্রীয় চুক্তি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক তারকা। ক্রিকেট বিশ্লেষকদের মতে, বোর্ডের এমন কঠোর সিদ্ধান্তের ফলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি ক্রিকেটারদের অনিয়ন্ত্রিত আকর্ষণ আরও মারাত্মকভাবে বেড়ে যেতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত