গোবিন্দগঞ্জে ভারতে পাচারের সময় কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার, আটক ৩

ভারতে পাচারের আগে উদ্ধার ১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের দুটি মূর্তি, আটক তিনজন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভারতে পাচারের সময় কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় আরও ৮ থেকে ১০ জন পালিয়ে গেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার শাখাহার ইউনিয়নের জিরাই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন এনামুল হক (৫০), আলিপ হোসেন (২২) ও সরজিনা আক্তার (৩০)। তারা সবাই গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা।

বিজিবির বরাত দিয়ে পুলিশ জানায়, ওই তিন ব্যক্তি দুটি কষ্টিপাথরের মূর্তি ভারতে পাচারের চেষ্টা করছিলেন। এ তথ্যের ভিত্তিতে তাদের ধাওয়া করলে তারা মূর্তি দুটি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তিনজনকে আটক করা হয়।

উদ্ধার হওয়া মূর্তির মধ্যে একটি বিষ্ণু মূর্তি। এর ওজন ১৬ দশমিক ৮৭ কেজি এবং মূল্য ১৬ লাখ ৮৭ হাজার টাকা। অপরটি কষ্টিপাথর সদৃশ বস্তু, যার ওজন ১১৯ কেজি এবং মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।

বিজিবির দাবি, মূর্তি দুটি ভারতে পাচারের উদ্দেশ্যে ঘটনাস্থলে নেওয়া হয়েছিল।

এ ঘটনায় ২০ বিজিবির জেসিও-১০৯২৭ মো. সেকেন্দার আলী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর আটক তিনজনকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত