সুন্দরগঞ্জে শিয়ালের হানা, শিশু-নারীসহ আহত ৯ 

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় লোকালয়ে ঢুকে একটি শিয়ালের হামলায় শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৯জন আহত হয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— জিগাবাড়ি গ্রামের মুকুল মিয়ার স্ত্রী রাবেয়া বেগম (৩৮), ছেলে রাকিবুল হাসান (১৩), ইয়াকুব আলীর ছেলে এনামুল হক (২৬), আব্দুল আহাদ আলীর মেয়ে আয়শা আক্তার (৩) ও আব্দুর রহিমের ছেলে হাসান মিয়া (৭)। একই ইউনিয়নের তালুক বেলকা গ্রামের জমশের আলীর স্ত্রী নিলি বেগম (৪০), মৃত কামাল উদ্দিনের ছেলে সাদেক হোসেন (৭০), আব্দুল হান্নান মিয়ার স্ত্রী আফরুজা বেগম (৩৭) এবং শফিউল ইসলামের ছেলে শাওন মিয়া (৬)।

স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ একটি শিয়াল লোকালয়ে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই এটি পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর হামলা চালাতে শুরু করে। একে একে কয়েকজনকে কামড়ে আহত করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হামলার পর শিয়ালটি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করায় আতঙ্ক আরও বেড়ে যায়। পরে স্থানীয়রা শিয়ালটিকে ধরে মেরে ফেলেন।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শিয়ালের কামড়ে আহত নয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান বলেন, শিয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিনও দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত