সাততলা বস্তির দুইতলা থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পিএম

রাজধানীর বনানী সাততলা বস্তিতে ঘরের সিঁড়ি থেকে পড়ে খাদিজাতুল কুবরা খাদিজা (১৪ মাস) নামে এক শিশু মারা গেছে।রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে সাততলা বস্তির একটি টিনসেড দুইতলা বাড়িতে এই ঘটনা ঘটে।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের দুলাল খানের ও সামিনা বেগম দম্পতির মেয়ে খাদিজা।

খাদিজার মা সামিনা আক্তার জানান, তারা স্বামী-স্ত্রী দুজনই পরিচ্ছন্ন কর্মীর কাজ করেন। সকালে তারা দুজনই কাজে চলে যান। খাদিজাকে রেখে গিয়েছিলেন ১২ বছর বয়সি ছেলে তালিমের কাছে। ঘটনার সময় তালিম শিশুটিকে রেখেই ঘুমিয়ে পড়ে। তখন হামাগুড়ি দিতে দিতে শিশুটি দুইতলার সিড়ি থেকে নিচে পড়ে যায়। প্রতিবেশীরা দেখতে পেয়ে তাদের খবর দেন।

তিনি আরও বলেন, পরে তারা বাসায় ফিরে খাদিজাকে নিয়ে শিশু হাসপাতালে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে খাদিজাকে মৃত ঘোষণা করেন। 

সামিনা আক্তার দম্পতির এক ছেলে এবং চার মেয়ের মধ্যে সবার ছোট খাদিজা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত