ব্রহ্মপুত্রের পাড়ে পূর্ণিমার আলোয় গানের সুরে মুগ্ধ শ্রোতা-দর্শক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম

‘সত্য, সুন্দর ও সৃষ্টি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ বাউল সমিতির আয়োজনে ‘পূর্ণিমার রাতে, পরমের সাথে’ পঞ্চম আসরে মুগ্ধ হলো উপস্থিত শ্রোতা-দর্শকরা। শরতের স্নিগ্ধ পূর্ণিমার জোছনায় ব্রহ্মপুত্র নদের পাড়ে বাউল গান ও ভক্তিগীতির সুরে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ময়মনসিংহ শহরের কে বি ইসমাইল রোডের ব্রহ্মপুত্র নদের পাড়ে ঐতিহ্যবাহী হজরত বুড়াপীর শাহ মাজার প্রাঙ্গণে এ আয়োজন ঘিরে বাউলপ্রেমী ও সুফি ভাবাদর্শের মানুষের সমাগম ঘটে।

আয়োজনটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বাদ মাগরিব পবিত্র মিলাদ ও দরুদ শরিফ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ পর্বে সুফিবাদ নিয়ে বক্তব্য দেন পীর দূরবীন শাহ আলম আল সুরেশ্বরী (হালুয়াঘাট) ও পীর লুৎফর রহমান শাহ (ফুলবাড়িয়া)। দরুদ ও দোয়া পরিচালনা করেন পীর খোরশেদ আলম দয়াল।

পরে ব্রহ্মপুত্র নদের পাড়ে উন্মুক্ত মঞ্চে ভক্তিগীতি ও বাউল গানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বের উদ্বোধন ও বক্তব্য রাখেন  সংস্কৃতিজন সারওয়ার জাহান ও সাংবাদিক মতিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাইফুল এহসান জহির ও আনিসুজ্জামান হাসান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বাউল সমিতির সহসভাপতি কাজল দেওয়ান ও সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম। এ সময় তাঁরা বলেন, বর্তমান যান্ত্রিক জীবনে মানুষের মানসিক শান্তি ও আধ্যাত্মিক তৃষ্ণা মেটাতে বাউল গানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লোকসংস্কৃতির এই ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই পূর্ণিমাকেন্দ্রিক এ আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানে ধন্যবাদ জানান ময়মনসিংহ বাউল সমিতির উপদেষ্টা ও হজরত বুড়াপীর শাহ মাজার কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম।

এরপর শুরু হয় ভক্তিগীতি ও বাউল গানের মূল পর্ব। ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আসা খ্যাতিমান ও স্থানীয় বাউলশিল্পীরা একে একে সংগীত পরিবেশন করেন। এ সময় তাঁরা জালাল উদ্দীন খাঁ, উকিল মুনশি, রশিদ উদ্দিন, লালন, বিজয় সরকার, শাহ আবদুল করিম ও রাধারমণ দত্তের আধ্যাত্মিক ও দেহতত্ত্বের গান পরিবেশন করেন।

এবারের আয়োজনে গান পরিবেশন করেন অন্ধ বাউল হাবিবুল্লাহ, নির্মল চন্দ্র ধর, বাউল রফিক, বাউল আবদুল মান্নান (দুর্গাপুর), বাউল মালেকা, বাউল রতন, বাউল সাজন মালা, বাউল গোলাম হোসেন, বাউল জেসমিন সরকার, বাউল আবদুর রাজ্জাক, বাউল জালাল ও বাউল ফরহাদ।

যন্ত্রসংগীতে সহযোগিতা করেন হারমোনিয়ামে আবদুল কাদির ও ফরহাদ, খমকে আল মিজান, বাঁশিতে হাবিব মল্লিক, ঢোলে রাজকুমার দাস এবং করতালে মোশাররফ। বাউল সংগীতের এ আসর সঞ্চালনা করেন শাহীন আনোয়ার।

পূর্ণিমার আলোয় শিল্পীদের দরদমাখা কণ্ঠ ও বাদ্যযন্ত্রের সুরে অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত শ্রোতারা বাউল সংগীত উপভোগ করেন।

ময়মনসিংহ বাউল সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে হজরত বোরহান উদ্দিন বুড়াপীর শাহ মাজার কমিটি। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন মো. আমিনুল ইসলাম ও ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজকরা।

 




সর্বশেষ সর্বাধিক পঠিত