চট্টগ্রামের চন্দনাইশ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন নিয়মিত মামলার আসামি ও ১৪ জন সাজাপ্রাপ্ত আসামি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার।
গ্রেপ্তাররা হলেন চট্টগ্রামের চন্দনাইশের মঞ্জুর আলম, একই উপজেলার কাঞ্চনপাড়ার মো. রুবেল (২৮), কক্সবাজারের মহেশখালীর মো. হাসান (৩০), হারুনুর অর রশিদ (২৯), উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মো. তৈয়ব (২৬), জাফর আলম (৩৮), সাতবাড়িয়ার মো. শাহজাহান (৪৩), দোহাজারীর মো. রিয়াজ (১৯), ইসমাইল, হাবিব হোসেন, মো. ইউনুছ, গাইবান্ধার সুন্দরগঞ্জের জাকিরুল ইসলাম (২৬), সাতকানিয়ার নাছির উদ্দিন (২৮) ও বাগেরহাটের চিতলমারীর মো. আশিক ওরফে কুদরত আলী (২২)।
অভিযানে চন্দনাইশ থানার মামলার আসামি ও দণ্ডবিধির ৩৯২ ধারার মামলায় অভিযুক্ত জাফরাবাদ এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমকে (৪৬) গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ধারায় দায়ের হওয়া পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত মামলায় সাজাপ্রাপ্ত ১৪ জনকেও গ্রেপ্তার করা হয়। প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং সাজার মেয়াদভেদে ১৫ দিন থেকে এক মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দায়ের করা পৃথক ১৪টি ভ্রাম্যমাণ আদালত মামলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা এই দণ্ড দেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ১৫ জনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।