বিশ্ব ফুসফুস দিবসের আলোচনা:

ফুসফুসের সুস্থতায় ধূমপান ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ জরুরি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

জীবনের জন্য অপরিহার্য হলো বায়ু, যা আমরা শ্বাসের মাধ্যমে গ্রহণ করি। কিন্তু সেই বায়ু যদি দূষিত হয় এবং প্রতিনিয়ত সেই দূষিত বায়ু যদি গ্রহণ করা হয়, তাহলে মহামূল্যবান ফুসফুসের ব্যাপক ক্ষতি হয়। মানুষ তখন ফুসফুসের নানা রোগে ভোগেন। তাই শৈশব থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত জীবনের প্রতিটি ধাপে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে। ফুসফুসের সুস্বাস্থ্য রক্ষা, শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধ এবং ক্ষতিকর প্রভাব থেকে ফুসফুসকে মুক্ত রাখার চেষ্টাই হতে পারে নির্মল শ্বাস, সুস্থ জীবন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ‘এ লাইফটাইম অব লাং হেলথ’ বা ‘আজীবন ফুসফুসের সুস্বাস্থ্য’ প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল ঢাকার রেসপিরেটরি মেডিসিনের আয়োজনে স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং অ্যারিস্টোফার্মা পিএলসির সহযোগিতায় এই গোলটেবিল আলোচনায় মডারেটর হিসেবে মূল প্রবন্ধ তুলে ধরেন এভারকেয়ার হসপিটাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. এস এম আব্দুল্লাহ আল মামুন।

প্যানেল আলোচনায় অংশ নেন-বাংলাদেশ চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক এবং ড্যাবের সেক্রেটারি জেনারেল ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসাইন ভূঁইয়া, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম, এভারকেয়ার হসপিটাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. রৌশনী জাহান ও ডা. জিয়াউল হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. সৈয়দ রেজাউল হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আদনান ইউসুফ চৌধুরী, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শামীম আহমেদ, ইউনিকো হসপিটালস পিএলসির রেসপিরেটরি মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. মোহাম্মদ সানা উল্লাহ সরকার, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ শাখাওয়াত হোসাইন, অ্যারিস্টোফার্মা লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সিনিয়র সাংবাদিক আতাউর রহমান কাবুল, চ্যানেল আইয়ের স্পেশাল করেসপন্ডেন্ট জান্নাতুল বাকেয়া কেকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. তানিয়া রহমান মিতুল।

বক্তারা আলোচনায় বলেন, ফুসফুসের সুস্থতা নিশ্চিত করতে ধূমপান ও তামাকজাত পণ্য বর্জন করতে হবে। যেভাবেই হোক পরিবেশ তথা বায়ুদূষণ নিয়ন্ত্রণ করতে হবে। প্রচলিত তামাকপণ্যসহ ই-সিগারেট, ভেপিং ইত্যাদি ফুসফুসের জন্য বেশ ক্ষতিকর বিধায় এগুলোর ব্যবহারও বন্ধ করতে হবে। অন্যান্য নিকোটিন পণ্যের ব্যবহার ও বিস্তার রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। ফুসফুসের কোনো রোগ হলে দ্রুত সনাক্ত করে চিকিৎসা নিতে হবে।

গোলটেবিল বৈঠকে বক্তারা আরও বলেন, ফুসফুসের স্বাস্থ্য রক্ষায় যেহেতু সচেতনতা জরুরি, সেহেতু সাধারণ মানুষের কাছে সঠিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যতথ্য পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।

সর্বশেষ সর্বাধিক পঠিত