ইন্দোনেশিয়ায় ৩৯ দেশের ধর্মীয় নেতাদের আন্তর্জাতিক সম্মেলন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ৩৯ দেশের ধর্মীয় নেতা, ইমাম ও ইসলামি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন। 

২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ সম্মেলনে মসজিদের ভূমিকা, ধর্মীয় কূটনীতি, সংঘাত প্রতিরোধ এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে।

মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ‘সম্প্রীতি, ধর্মীয় কূটনীতি ও বৈশ্বিক শান্তি’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন দেশের ধর্মীয় নেতারা অংশ নিয়েছেন। সম্মেলনে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, সংঘাতের মূল কারণ প্রশমন এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করা হচ্ছে।

সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বুলগেরিয়া প্রজাতন্ত্রের প্রধান মুফতি আহমেদ হাসানভ এবং দেশটির ফতোয়া বোর্ডের মহাসচিব জালাল ফায়েক।

বিভিন্ন দেশের ধর্মীয় নেতা ও ইসলামি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করেছে আন্তর্জাতিক এ আয়োজন। সমসাময়িক বিভিন্ন সমস্যা মোকাবিলা, আন্তর্জাতিক ধর্মীয় ও সামাজিক সহযোগিতা জোরদার এবং সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় মসজিদ ও ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়েও মতবিনিময় করছেন প্রতিনিধিরা।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ইন্দোনেশিয়ার হালাল পণ্য নিশ্চয়তা সংস্থা (বিপিজেপিএইচ)-এর সঙ্গে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি নিয়েছে বুলগেরীয় প্রতিনিধিদল। বুলগেরিয়ার ফতোয়া বোর্ড ও ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট সংস্থার মধ্যে এ সমঝোতার লক্ষ্য হালাল পণ্য সনদ প্রদান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় এবং উভয় দেশের হালাল সনদপ্রাপ্ত পণ্যের বাজার সম্প্রসারণে প্রাতিষ্ঠানিক সহযোগিতার ভিত্তি তৈরি করা।

এ ছাড়া দুই দেশের মধ্যে হালাল সনদের পারস্পরিক স্বীকৃতি এবং হালাল পণ্যের বাজারে প্রবেশ সহজ করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ইন্দোনেশিয়ার ক্রমবর্ধমান হালাল ব্যবস্থাপনা এবং বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের সঙ্গে দেশটির সম্প্রসারিত সম্পর্কের প্রেক্ষাপটে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত