জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও। রাজধানীর ইসিবি চত্বরের কাছে তার ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে গত শনিবার রাতে হামলার পর গতকাল রবিবার দিনভর ঘটনা নিয়ে চলে আলোচনা-সমালোচনা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ঘটনাটিকে জমি দখল নিয়ে বিরোধের কথা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গতকাল সকালে ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে। তিনজনকে আটক করা হয়েছে। অন্যদিকে, সালমান তার স্টুডিও ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেছেন। রাজনৈতিক দল, সংস্কৃতিকর্মী ও সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরাও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন।
রাজধানীর ইসিবি চত্বরের কাছে মানিকদী নামাপাড়া এলাকায় নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পের একটি টিনশেড স্থাপনায় ছিল কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’। হামলাকারীরা স্টুডিওর আসবাব, শুটিং সরঞ্জাম, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও অন্যান্য মালামাল ভাঙচুর এবং লুটপাট করে বলে অভিযোগ ওঠে। একই প্রকল্পের অফিস ও আশপাশের স্থাপনাও হামলার শিকার হয়।
স্টুডিওতে থাকা কর্মীদের বর্ণনা অনুযায়ী, বিপুল সন্ত্রাসী সেখানে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। তাদের কেউ কেউ নিরাপত্তার জন্য ওয়াশরুমে আশ্রয় নেন। স্টুডিওর হার্ডডিস্ক, ফোন, টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করেন তারা। হামলার সময় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে।
হামলার পর রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন সালমান মুক্তাদির। তিনি জানান, তার স্টুডিওটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ সময় কর্মীদের কান্না ও ভাঙচুরের চিত্রও ভিডিওতে দেখা যায়। হামলাকে চাঁদাবাজির সঙ্গে যুক্ত করে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, স্টুডিও ধ্বংস হলেও তিনি আবার নতুন করে কাজ শুরু করবেন।
রবিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসার পর পরই পুলিশ জানায়, নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে একজন ব্যক্তির জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে। জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের মধ্যে স্টুডিওটি ভাঙচুরের শিকার হয়। পুলিশের ভাষ্য, হামলাকারীদের মূল লক্ষ্য সালমানের স্টুডিও ছিল না।
সালমান মুক্তাদিরের স্টুডিওর কর্মী পরিচয় দেওয়া ইলা গণমাধ্যমকে জানান, মাস্ক পরা দুই ব্যক্তি স্টুডিওতে ঢুকে ফোনসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। স্টুডিও থেকে একটি ক্যামেরা, তিনটি লেন্স, চারটি লাইট, চারটি সফটবক্স এবং সিসিটিভির সরঞ্জামসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট হয়েছে। আমাদের পুরো স্টুডিওই ক্ষতিগ্রস্ত হয়েছে।
সালমান মুক্তাদিরের অফিসে ভাঙচুরের ঘটনায় এই মুহূর্তে চাঁদা দাবির কোনো তথ্য পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম প্রিভেনশন (নর্থ) মাহিদুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে, হয়তো জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে। এটি যেহেতু তদন্তে আছে, আইনগত প্রক্রিয়া চলমান। তাই শেষ হলেই জানতে পারব। এ ঘটনায় রবিবার সকালে ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন গফরগাঁওয়ের মামুন। তিনি ভাসানটেক বস্তিতে থাকেন। আরেকজন টাঙ্গাইলের আসলাম। তিনি মজুমদারের মোড়ে থাকেন এবং অটো চালান এবং অন্যজন ভাসানটেক বস্তির মুন্না। পুলিশ বলছে, জমির বিরোধের সঙ্গে জড়িত দুই পক্ষের ভূমিকা এবং হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ যায়। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন। তবে হামলায় কারা সরাসরি জড়িত, কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে এবং লুট হওয়া মালামাল কোথায় এসব বিষয়ে তদন্তের ফল পাওয়া যায়নি।
যা বলছেন নিউ গিনি প্রপার্টিজের মালিক : ঢাকার দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলার শিকার হওয়া বিভিন্ন স্থাপনায় এখনো ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙচুরের চিহ্ন। বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত, কোথাও মেঝেজুড়ে কাচের টুকরা; মাটিতে পড়ে আছে গুলির খোসা; তছনছ অবস্থায় রয়েছে আসবাবপত্র ও নির্মাণসামগ্রী। নিউ গিনি প্রোপার্টিজের মালিক নাজিম উদ্দিন ভূঁইয়া দাবি করেন, চাঁদা দাবি ও জমি দখলের উদ্দেশ্যে সংঘবদ্ধ একটি চক্র এ হামলা চালিয়েছে। গত এক মাসে বিভিন্ন সময়ে তাদের কাছে চাঁদা দাবি করা হয়েছে। তিনি বলেন, চক্রটি বিভিন্ন কৌশলে একেক সময় একেক পরিমাণের টাকা দাবি করেছে। গত এক মাসে চক্রটি চাপে রাখার জন্য কখনো এক কোটি, কখনো ৫০ লাখ, আবার কখনো ২ কোটি টাকা পর্যন্ত চাঁদা চায়। তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানাই বরাবর। চাঁদাবাজির সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা জড়িত রয়েছেন। সাবেক এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এ ঘটনায় জড়িত। ওই কর্মকর্তার কাছ থেকে তিনি এ এলাকায় ১০ কাঠা জমি কিনেছেন এবং ওই কর্মকর্তা জমিটি তাকে রেজিস্ট্রি করে দিয়েছেন। তবে মূল বিরোধ ওই জমি নিয়ে নয়।
প্রকল্পের প্রশাসন বিভাগে কর্মরত পল্লব গণমাধ্যমকে জানান, হামলাকারীরা দলবদ্ধভাবে চার থেকে পাঁচটি পিকআপ নিয়ে প্রকল্প এলাকায় প্রবেশ করে। এরপর সামনে যা পেয়েছে, লুটপাট করেছে। যেসব মালামাল নিতে পারেনি, সেগুলো ভাঙচুর করেছে। স্টাফ যারা ছিল, তাদের মারধর করে জামাকাপড়, মোবাইল, টাকা-পয়সা নিয়ে চলে যায়।
যা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী : গতকাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্রায় ৩৫ কাঠা জমির মালিকানা ও দখল নিয়ে নিউ গিনি প্রপার্টিজ এবং একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার মধ্যে বিরোধ রয়েছে। ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তার পক্ষের লোকজন রাতে জমি দখল করতে গেলে সেখানে থাকা কয়েকটি স্থাপনায় ভাঙচুর করা হয়। এর মধ্যে সালমান মুক্তাদিরের টিনশেড স্টুডিওটিও ছিল। সালমান এ ঘটনায় ভুক্তভোগী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক মূল্যায়ন। তবে পুরো ঘটনা জানতে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন।
চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমানের কাছে কেউ চাঁদা দাবি করেছেএমন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। সালমান নিজেই বলেছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি। ফলে ঘটনাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দলকে ঢালাওভাবে চাঁদাবাজির সঙ্গে যুক্ত করার ভিত্তি নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হলে পুলিশ তদন্ত করবে বলেও জানান।
মামলা কেন নেওয়া হয়নি, সেই প্রশ্ন আমারও সালমান মুক্তাদির : স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর রবিবার বিকেলে ভিডিও বার্তায় পাল্টা প্রতিক্রিয়া জানান সালমান মুক্তাদির। তিনি মামলা না করার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘মামলা কেন নেওয়া হয়নি, সেই প্রশ্ন তো আমার। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তার ওপর হামলার ঘটনাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।
এর আগে ফেসবুক লাইভে সালমান বলেছিলেন, তিনি চাঁদাবাজির সংস্কৃতির বিরুদ্ধে কথা বলছেন। তার বক্তব্যে হামলাকারীদের উদ্দেশ্য নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র উঠে আসে। তবে চাঁদাবাজির অভিযোগ এবং জমি দখলকে কেন্দ্র করে হামলার বিষয়ে সালমান ও পুলিশের বক্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে।
ক্ষমতাসীনদের ভূমিকা নিয়ে প্রশ্ন জামায়াতের : জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রবিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমানের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের নিন্দা জানান। তিনি ঘটনাটিকে চাঁদাবাজির সঙ্গে যুক্ত করে ক্ষমতাসীনদের উদ্দেশে প্রশ্ন তোলেন নিজেদের দলের ভেতরের চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা হবে কি না। তার বক্তব্যে দেশে একের পর এক এ ধরনের ঘটনা ঘটার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের নিন্দা জানান। একই বিবৃতিতে রাজধানীর কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনারও উল্লেখ করেন তিনি। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এবি পার্টির ক্ষোভ ও উদ্বেগ : সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। রবিবার এক যৌথ বিবৃতিতে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই।
চাঁদা না দেওয়ার হামলা এনসিপি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর করেছে। রবিবার এ বিষয়ে তার বক্তব্য প্রকাশিত হয়। তার এই বক্তব্য পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসা জমি দখলসংক্রান্ত ব্যাখ্যার সঙ্গে ভিন্নতা তৈরি করেছে।
সাদিয়া আয়মানের নিন্দা ও ক্ষোভ : সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেন এবং চাঁদাবাজির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
দেশে বিনিয়োগের নিরাপত্তা নিয়ে প্রশ্ন কনটেন্ট ক্রিয়েটর রাকিনের : কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সালমানের স্টুডিওতে হামলার ঘটনা তাকে বাংলাদেশে অর্থ বিনিয়োগের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে ফেলেছে। তার বক্তব্যে ব্যবসা ও সৃজনশীল উদ্যোগের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ পায়।