মালয়েশিয়ার কাছে ৩-০ গোলের বড় হারের ক্ষত এবং টুর্নামেন্টে টিকে থাকার কঠিন চ্যালেঞ্জ মাথায় নিয়ে আজ ফিফা আসিয়ান কাপের বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
প্রথম ম্যাচে দুই দলই পরাজিত হওয়ায় আজকের ম্যাচটি রূপ নিয়েছে গ্রুপপর্বের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের কম্বিনেশন ঠিক করতে শুরুর একাদশে ৪টি বড় পরিবর্তন এনেছেন কোচ টমাস ডুলি।
দলের মাঝমাঠ ও আক্রমণভাগে নতুন গতি আনতে একাদশে এই রদবদল আনা হয়েছে। আগের ম্যাচে বেঞ্চে থাকা অভিজ্ঞ অধিনায়ক জামাল ভূঁইয়া এবার শুরু থেকেই নেতৃত্ব দেবেন দলকে। জামাল ছাড়াও একাদশে ফিরেছেন জিদান ইউসুফ, শুকি ইতোফুসা ও তরুণ সেনসেশন শেখ মোরসালিন।
অন্যদিকে, এই চারজনের জায়গা করে দিতে আগের ম্যাচের মূল একাদশ থেকে বাদ পড়েছেন শাকিল আহাদ তপু, সোহেল রানা সিনিয়র, ফারহান আলী ওয়াহিদ ও ফাহামিদুল ইসলাম।
র্যাঙ্কিংয়ের টেবিলে দুই দলের ব্যবধানটা বেশ স্পষ্ট; ১৪৮ নম্বরে থাকা সিঙ্গাপুরের চেয়ে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে (১৮২তম)। শুধু তাই নয়, ১৯৭৩ থেকে শুরু হওয়া ৫৩ বছরের দীর্ঘ ফুটবল ইতিহাসে সিঙ্গাপুরের বিপক্ষে পাঁচবার মুখোমুখি হয়ে এখনও জয়ের মুখ দেখেনি লাল-সবুজরা (৩ হার ও ২ ড্র)।
সর্বশেষ গত মার্চে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচেও সিঙ্গাপুরের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। তাছাড়া, নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরও ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করায় দুই দলই আজ জয়ের জন্য মরিয়া হয়ে নামবে।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশ:
গোলকিপার: মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ
মিডফিল্ডার: হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, শমিত শোম
ফরোয়ার্ড: শুকি ইতোফুসা, রাকিব হোসেন, শেখ মোরসালিন
সিটির ২০১১ সালের এফএ কাপ ফেরত চাইলেন পুলিস