ডিফেন্সের দুর্বলতায় সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ডিফেন্সের ঘাটতিতে ৩-০ ব্যবধানে হেরেছিল বাং;আদেশ। টুর্নামেন্টে টিকে থাকার সেই কঠিন প্রেক্ষাপটে সিঙ্গাপুরের বিপক্ষে আজকের ম্যাচটি ছিল তাই বাঁচা-মরার লড়াইয়ের মতোন। তবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে সেই ম্যাচেও সেই রক্ষণভাগের দুর্বলতাতেই শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজদের। বল দখলের লড়াইটা সমানে সমান হলেও টানা দ্বিতীয় ম্যাচে হতাশ হতে হলো জামাল-হামজদের। 

মালয়েশিয়া ম্যাচের পর একাদশে চার বড় পরিবর্তন এনেছিলেন কোচ টমাস ডুলি। অভিজ্ঞ অধিনায়ক জামাল ভূঁইয়ার ফেরায় মাঝমাঠে নতুন আশার সঞ্চার হলেও ম্যাচের শুরু থেকেই আক্রমণের ধার বাড়াতে ব্যর্থ হয় বাংলাদেশ। প্রথমার্ধের প্রথম ২৫ মিনিট ভালো লড়লেও ফিনিশিংয়ের অভাবে প্রতিপক্ষের গোলমুখে কোনো কার্যকর শটই নিতে পারেনি তারা।

ম্যাচের শুরুতেই খেলার গতি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে ৭ মিনিটে প্রতিপক্ষের জার্সি টেনে হলুদ কার্ড দেখেন মিডফিল্ডার শমিত সোম। ১৭ মিনিটে সিঙ্গাপুরের ফরোয়ার্ড ইলহান ফান্দির একটি বিপজ্জনক শট দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে প্রতিহত করে বাংলাদেশকে বাঁচান গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

তবে ম্যাচের ৩০ মিনিটের পর থেকেই মাঠের চিত্র বদলে যায়। সিঙ্গাপুরের আক্রমণ বাড়তে থাকে হুড়মুড় করে। ৩২ মিনিটে জিদান ইউসুফ প্রতিপক্ষকে ফাউল করলে ফ্রি-কিক পায় সিঙ্গাপুর। সেই ফ্রি-কিক থেকে জ্যাকব উইলিয়ামের হেড শ্রাবণ ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত সেভ করলেও ফিরতি বল ক্লিয়ার করে বিপদ সামলান ডিফেন্ডার তারিক কাজী।

তবে এই চাপ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রক্ষণভাগ। ম্যাচের ৩৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে নুর আদম আব্দুল্লাহর বাড়ানো ক্রসে বক্সে ফাঁকায় হেডে গোল করেন হ্যারিস স্টুয়ার্ট। সেখানে ডিফেন্ডাররা কোনো প্রতিরোধ গড়তে না পারায় গোলরক্ষক শ্রাবণ শুধু বল জালে জড়ানো দেখা ছাড়া কিছুই করতে পারেননি। এর ঠিক দুই মিনিট পর সিঙ্গাপুরের আরেকটি জোরালো শট ক্রসবারে লেগে প্রতিহত হলে বড় ব্যবধানে পিছিয়ে পড়া থেকে রক্ষা পায় বাংলাদেশ।

প্রথমার্ধে একটি শটও অন টার্গেটে রাখতে না পারা বাংলাদেশ পিছিয়ে থেকেই বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধেও এই ধারা বদলায়নি। রক্ষণের চেনা দুর্বলতা আর আক্রমণে কার্যকর ফিনিশিংয়ের অভাবে আর ঘুরে দাঁড়াতে পারেনি হামজারা। পুরো ম্যাচে সমান ৫০ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও প্রতিপক্ষে রক্ষণ লক্ষ্য করে কেবল ১টি শট নিতে পেরেছে বাংলাদেশ। এতে ১-০ ব্যবধানে স্কোরলাইনেই শেষ হয় মাঠের লড়াই। 

প্রথম ম্যাচে হারে পর এই জয়ে ঘুরে দাঁড়াল সিঙ্গাপুর, আর টানা দ্বিতীয় হারের মুখ দেখল বাংলাদেশ।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত