৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যা বললেন যুবদলের সেই নেতা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

ভোলার বোরহানউদ্দিনে যুবদলের এক নেতার বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ডিলারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পাশাপাশি ক্যাশবাক্স থেকে চাল বিক্রির ৫৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। 

অভিযুক্ত তৈয়বুর রহমান মাতাব্বর (৪৫) পক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। অভিযোগকারী মো. আব্দুর রহিম ওরফে হাসান ফারাজী (৩০) খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পক্ষিয়া ইউনিয়ন পরিষদের নিচতলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে সরকারি চাল বিতরণ চলছিল। এ সময় তৈয়বুর রহমান ডিলার আব্দুর রহিমের কাছে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে ক্যাশবাক্সে থাকা চাল বিক্রির ৫৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেন ডিলার।

অভিযোগকারী আব্দুর রহিমের দাবি, তৈয়বুর রহমান এর আগেও একাধিকবার তার কাছে একই পরিমাণ টাকা দাবি করেছেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে তাকে সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি। ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তৈয়বুর রহমান তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে তৈয়বুর রহমান মাতাব্বর বলেন, আমি কোনো চাঁদার টাকা নিইনি, আমার লভ্যাংশের টাকা নিয়েছি। কারণ আমি ওই ব্যবসার একজন অংশীদার। 

এ প্রসঙ্গে বোরহানউদ্দিন থানার ওসি আশ্রাব আলী বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সত্যতার ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ সর্বাধিক পঠিত