টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যায় থাইল্যান্ডের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে দেশটির বিভিন্ন এলাকায় বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির অবনতির কারণে গত শনিবার রাজধানী ব্যাংকককে ‘দুর্যোগকবলিত এলাকা’ ঘোষণা করা হয়। তবে রাজধানীতে এখন পর্যন্ত বন্যায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গতকাল সোমবার থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ (ডিডিপিএম) জানিয়েছে, বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পূর্বাঞ্চলীয় সা কেও প্রদেশে। সেখানে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চানথাবুরি প্রদেশে দুজন এবং সারাবুরি প্রদেশে একজন মারা গেছেন। ডিডিপিএমের তথ্য অনুযায়ী, ব্যাংকক ছাড়া দেশটির ২৭টি প্রদেশে বন্যায় ৫ লাখের বেশি পরিবার এবং প্রায় ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ব্যাংককে অন্তত ৫২ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিডিপিএম জানিয়েছে, ব্যাংককের খালগুলোয় পানির উচ্চতা স্থিতিশীল হয়েছে। তবে থাই সরকারের মুখপাত্র এক্কাপোব পিয়ানপিসেস এখনো ব্যাংককের কয়েকটি এলাকায় পানির উচ্চতা বেশি থাকার তথ্য দিয়েছেন। প্রায় প্রতি বছরই বর্ষা মৌসুমে থাইল্যান্ডে প্রচুর বৃষ্টিপাত হয়। সেপ্টেম্বরকে সবচেয়ে বৃষ্টিবহুল মাস হিসেবে বিবেচনা করা হয়। তবে অনেক বাসিন্দা বলেছেন, আগের বছরগুলোর তুলনায় এ বছর পরিস্থিতি বেশি খারাপ।