নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক শামসুল হক নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে সুমন নামে আরোহী এক যুবক। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার সৈয়দপুর এলাকায় সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুল বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের মালিবাগ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও আহত সুমন একই এলাকার আফজাল হোসেনের ছেলে।
নারায়ণগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, রাতে শামসুল একটি মোটরসাইকেলে বন্ধুকে নারায়ণগঞ্জ থেকে বন্দরের দিকে যাচ্ছিল। সেতুতে উঠার সময় মোটরসাইকেলটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শামসুল মারা যান। আহত যুবককে দ্রুত উদ্ধার ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলে নিহত হয় ও আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।