চাঁদাবাজির সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা চলছে, দাবি জাহেদ উর রহমানের

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পিএম

সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে চাঁদাবাজি, রাজনৈতিক কর্মসূচি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

চাঁদাবাজির সঙ্গে বিএনপির নাম জড়ানোর বিষয়ে তিনি বলেন, বিএনপির সঙ্গে চাঁদাবাজির এক ধরনের ‘ট্যাগিং’ বা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে। তবে বর্তমান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কেউ কিংবা সরকারের দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করছে না—এমন কথা তিনি বলছেন না বলেও স্পষ্ট করেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, চাঁদাবাজির সঙ্গে বিএনপির নাম যুক্ত করার একটি চেষ্টা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই এ ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে এবং এটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ।

এনসিপির চাঁদাবাজিবিরোধী কর্মসূচি নিয়েও মন্তব্য করেন তিনি। কর্মসূচিটিকে তার কাছে ‘সার্কাজম’ মনে হলেও সহিংস কোনো কর্মসূচির পরিবর্তে এ ধরনের কর্মসূচিকে সরকার স্বাগত জানায় বলে জানান তিনি।

জাহেদ উর রহমান বলেন, সহিংসতার পরিবর্তে রাজনৈতিক দলগুলো যদি এ ধরনের কর্মসূচি নেয়, তাহলে সরকার সেটিকে স্বাগত জানাবে। জনগণের সঙ্গে যোগাযোগ তৈরির জন্য এনসিপি এ ধরনের কর্মসূচি করতে চাইলে তারা নিজেদের জায়গা থেকে তা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

চাঁদাবাজি নিয়ে সরকারের ভূমিকা কী—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকারের কাজ কোনো ন্যারেটিভ তৈরি করা নয়। বরং যেসব চাঁদাবাজির অভিযোগ রয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই সরকারের দায়িত্ব।

চাঁদাবাজির সঙ্গে কারা জড়িত এবং তাদের সঙ্গে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে সরকারের কাছে তথ্য রয়েছে বলেও জানান তিনি। প্রয়োজন হলে এসব ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেন জাহেদ উর রহমান।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে বাংলাদেশে ফেরত আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্য নিয়েও কথা বলেন তিনি। এ বিষয়টিকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যু হিসেবে উল্লেখ করেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশ তাকে ফেরত চায়। তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বিষয়টি ভারতের সঙ্গে সংশ্লিষ্ট বলেও মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্র বিষয়টিকে দ্বিপক্ষীয় ইস্যু হিসেবে দেখানোর চেষ্টা করেছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের দৃষ্টিতে এ বিষয়ে অন্য কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে এবং তাকে দণ্ডপ্রাপ্ত হিসেবে উল্লেখ করেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা। তাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

এ ছাড়া ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের অস্বস্তির বিষয়গুলো তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে ভারতের হাইকমিশনারের সঙ্গেও আলোচনা করেছেন বলে জানান জাহেদ উর রহমান।

সর্বশেষ সর্বাধিক পঠিত