জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ভোলা সদর উপজেলার ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ সাহিদা আক্তার সুমনা। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত গুণী শিক্ষক নির্বাচন প্রতিযোগিতায় দেশের সেরা গুণী শিক্ষক হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জনের পর গত ২৪ সেপ্টেম্বর ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক নির্বাচন প্রতিযোগিতায় অংশ নেন সাহিদা সুমনা।
এর আগে ২২ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত চিঠিতে তাকে বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত করার বিষয়টি নিশ্চিত করা হয়। জেলা পর্যায়ের সাফল্যের পর বিভাগীয় পর্যায় পেরিয়ে এবার জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করলেন তিনি।
দীর্ঘ শিক্ষকতা জীবনে নানা অর্জনের পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাহিদা সুমনা। ২০২৫ সালেও তিনি জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হন। এর আগে ২০১৭ সালে ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে সরকারি ব্যবস্থাপনায় চীন সফরের সুযোগ পান।
তার নেতৃত্বে ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৮, ২০২২ ও ২০২৬ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়। এ সময়ে বিদ্যালয়টির শিক্ষার গুণগত মান, পরিবেশ ও সার্বিক কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানান।
শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা ও গণমাধ্যম প্রশিক্ষণেও রয়েছে সাহিদা সুমনার অভিজ্ঞতা। ২০০০ সালে নারী সাংবাদিক হিসেবে ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) আয়োজিত ‘প্রাকৃতজন’ পুরস্কার লাভ করেন তিনি। পরে এমএমসির প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বরিশাল ও খুলনা বিভাগের সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়েছেন।
সাহিদা সুমনা বরিশাল ব্রজমোহন কলেজ থেকে সমাজবিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি বিএড ও সি-ইন-এড ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষকতায় আসার আগে তিনি গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ভোলা শিক্ষা কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় সাহিদা আক্তার সুমনা বলেন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি জেলা, উপজেলা ও শিক্ষা প্রশাসনের সার্বিক সহযোগিতায় তিনি এ সাফল্য অর্জন করেছেন। এ অর্জন তাঁর একার নয়, এটি বিদ্যালয়ের সবার সম্মিলিত অর্জন।
সাহিদা আক্তার সুমনা ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সহধর্মিণী এবং ঝালকাঠি জেলার আবুল কালাম আজাদ আবু মিয়ার কন্যা।