গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম

নাটোরের গুরুদাসপুরে খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলনের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ৩৫ বছর বয়সী ওই নারী গুরুদাসপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগপত্রে বলা হয়েছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ওই নারী বাবার বাড়িতে বসবাস করছেন। সোমবার সকাল সাড় ৮টার দিকে সরকারি ভাতা ও উপবৃত্তির অর্থ মোবাইল সিমে নিবন্ধনসংক্রান্ত বিষয়ে কথা বলতে তিনি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনের বাড়িতে যান।

নারীর অভিযোগ, কথাবার্তার একপর্যায়ে চেয়ারম্যান তাকে পাশের একটি বাড়িতে পরিচিত একজনের উপস্থিতির কথা জানান। সেখানে গিয়ে কাউকে না পেয়ে তিনি ফিরে আসতে চাইলে চেয়ারম্যানও তার পিছু নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে ওই নারী বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে চেয়ারম্যান তাকে জোর করে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। তিনি চিৎকার করলে চেয়ারম্যান সেখান থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে ওই নারী গুরুদাসপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের বিষয়ে চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এখন তদন্তাধীন। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত পরিস্থিতি তদন্ত এবং বিচারিক প্রক্রিয়াতেই নির্ধারিত হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত