প্রধানমন্ত্রীর সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই : ত্রিবেদী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ এএম

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও দুই দেশের জনগণের উপকারে আসে এমন বিষয়গুলোতে ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী গতকাল মঙ্গলবার প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

হাইকমিশনার ত্রিবেদী বৈঠকের পর সাংবাদিকদের বলেন, বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। তারা এ সময় দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের  সম্ভাবনার বিষয়ে এক প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই। এ বিষয়ে আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে। 

হাইকমিশনার বলেন, ‘আমাদের অবশ্যই (প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে) যথাযথ সময় দিতে হবে।’ তিনি যোগ করেন, ভারত সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে। দুই প্রধানমন্ত্রী যখন উপযুক্ত সময় মনে করবেন, তখনই সফরটি হবে।

পরে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে জানান, তিনি তার আসন্ন কোরিয়া সফরে দেশটির প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি আমন্ত্রণপত্র দেবেন।

রাষ্ট্রদূত কিম ব্যক্তিগতভাবে আমন্ত্রণ পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানান। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে এটিকে একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে তিনি অভিহিত করেন।

প্রতিমন্ত্রী ‘কম্প্রি হেনসিভ ইকোনমিক পার্টনারশিপ  অ্যাগ্রিমেন্ট’ বা সামগ্রিক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির বিষয়ে আলোচনা সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং আশা ব্যক্ত করেন যে, এই চুক্তি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারিত করবে। এ ছাড়া তারা বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা, জাহাজ নির্মাণ, ইলেকট্রনিকস এবং অন্য উচ্চমূল্য ও প্রযুক্তি খাতে কোরিয়ার বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত