রাজধানীর নয়াপল্টনে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান(২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নয়াপল্টন গাজী শপিং কমপ্লেক্সের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, ভোরে ওই যুবক নয়াপল্টনে রাস্তার পার হচ্ছিল৷ এসময় কোন একটি যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলে সে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, সিআইডি ফরেনসিক টিম আঙুলের ছাপের মাধ্যমে ব্যক্তির পরিচয় শনাক্ত করে। তার নাম মিজানুর রহমান। বাবার নাম মফিজুর রহমান। গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা কবপুরকাঠি গ্রামে। সে নয়াপল্টনের বিএনপি পার্টি অফিস এলাকায় থাকত। ভবঘুরে জীবনযাপন করত সে। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।