কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৭৯

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ এএম

কুমিল্লা জুড়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। ১৮টি থানা এলাকায় একযোগে পরিচালিত চার ঘণ্টার অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক টিম যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

পুলিশ জানায়, এর আগে গত বুধবার, শনিবার ও রবিবার রাতে পৃথক তিন দফায় অভিযান চালিয়ে ১ হাজার ২৯৩ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে অপরাধে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় ৮৭৪ জনকে মুচলেকায় স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৪১৯ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব মিলিয়ে গত সাত দিনে চার দফার অভিযানে মোট ১ হাজার ৬৭২ জনকে আটক করল পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে এমন বিভিন্ন পয়েন্ট, অপরাধপ্রবণ এলাকা এবং কিশোর-তরুণদের আড্ডাস্থলে এই অভিযান চালানো হচ্ছে। নতুন করে আটক ৩৭৯ জনের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যারা কোনো অপরাধে জড়িত নয়। তাদের অভিভাবকদের ডেকে বুঝিয়ে দেওয়া হবে। আর অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, পুলিশের এই ধারাবাহিক অভিযানের ফলে কুমিল্লাবাসীর মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে এবং সার্বিক অপরাধপ্রবণতা অনেকাংশে কমে এসেছে। উঠতি বয়সী তরুণরা যাতে অপরাধে জড়িয়ে না পড়ে, সে উদ্দেশ্যে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এই কার্যক্রম সামনেও অব্যাহত থাকবে।

 

 



সর্বশেষ সর্বাধিক পঠিত